এসিড নিক্ষেপের দায়ে যাবজ্জীন
নির্বাচন নিয়ে বিরোধের জেরে এসিড ছোড়ার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নেত্রকোণার একটি আদালত।
এছাড়া দণ্ডিতকে ৫০ হাজার টাকা জরিমানাও দিতে হবে, যা অনাদায়ে তাকে আরও পাঁচ বছর সশ্রম কারাভোগ করতে হবে।
সোমবার অতিরিক্তি জেলা ও দায়রা জজ মো. আব্দুল হামিদ এই রায় দেন।
দণ্ডিত ইসলাম উদ্দিন নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পিজাহতী গ্রামের মইজ উদ্দিনের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল কাদির ভূইয়া মামলার বরাত দিয়ে জানান, কেন্দুয়া পৌরসভার নির্বাচন নিয়ে পৌর শহরের আরামবাগ এলাকার বিমল পালের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন একই এলাকার ইসলাম উদ্দিন।
নির্বাচন শেষ হওয়ার পর থেকেই বিমল পালকে নানাভাবে হয়রানি করেন ইসলাম উদ্দিন।
২০০০ সালের ৭ জুন রাত দুপুরে ঘুম থেকে ডেকে উঠিয়ে বিমল পালের মুখসহ শরীরের সম্মুখভাগে এসিড ছুড়ে মারে উসলাম উদ্দিন।
এতে বিমল পালের শরীরের সামনের অংশ ঝলসে যায়।
ঘটনার দুই দিন পর বিমল পালের স্ত্রী কানন রাণী পাল থানায় ইসলাম উদ্দিনকে আসামি করে মামলা দায়ের করেন। ২০০১ সালের ১৬ মে অভিযোগপত্র দেয় পুলিশ।
