সুপ্রিম কোর্টে আইনজীবীদের পাল্টাপাল্টি কর্মসূচি
চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে উচ্চ আদালত বর্জন নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও বিএনপি জোট সমর্থক আইনজীবীরা।
হরতাল-অবরোধের মধ্যে আইনজীবীদের নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে বিচার কাজ না চালাতে সোমবার আইনজীবী সমিতির ব্যানারে বিভিন্ন আদালতে যান সরকারবিরোধী আইনজীবীরা।
রোববার সমিতির এক সাধারণ সভায় এভাবে অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়। সমিতি বর্তমানে বিএনপি সমর্থকদের নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে সমিতির এই সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়ে সমিতির সভাপতির কক্ষের সামনে বিক্ষোভ করে সরকার সমর্থক আইনজীবীরা।
এই বিক্ষোভে অংশ নেন আওয়ামী লীগের আইন সম্পাদক আব্দুল মতিন খসরু, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মো. মোমতাজ উদ্দিন মেহেদি।
আইনজীবী সমিতির বর্তমান সভাপতি হিসাবে রয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। সম্পাদক হিসাবে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন।
সমিতির সহ-সভাপতি রফিকুল ইসলাম মেহেদি সাংবাদিকদের বলেন, “গতকাল ১টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে একটা সাধারণ সভা হয়েছে। সেখানে আইনজীবীরা সর্ব সম্মতভাবে বলেছে, আমরা কোর্ট বর্জন করব। এটা রেজ্যুলেশন হয়েছে।
“সে জন্য আজ আমরা অনেক কোর্টে গিয়েছি। জজ সাহেবদেরকে আমাদের সিদ্ধান্তের কথা জানিয়েছি। তারা আমাদের রেজ্যুলেশন গ্রহণ করেছেন এবং বলেছেন এ ব্যাপারে তারা সিদ্ধান্ত নিবেন।”
তিনি বলেন, “আমরা আদালতে বলেছি, হরতালের জন্য আইনজীবীরা আসতে পারেন না। নানা বিপদ আপদ। বিচারক ও আইনজীবী, আইনের আশ্রয় প্রার্থীদের নিরাপত্তার স্বার্থে আমরা কোর্ট বর্জন করব।”
কেন এই নিরাপত্তার সমস্যা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “কিছুদিন আগে দেখেছেন, আদালতে বোমা পাওয়া গেছে, গুলি হয়েছে। এই সমস্যা আমরা পুলিশ-প্রশাসন-প্রধান বিচারপতিকে জানিয়েছি।”
অন্যদিকে আইনজীবী সমিতির এই সিদ্ধান্তের প্রতিবাদে সমিতির সভাপতির কক্ষের সামনে বিক্ষোভে সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু বলেন, “তারা যে ধৃষ্টতা দেখিয়েছে, তা ক্ষমার অযোগ্য।
“তারা বিচারকদের রুমে রুমে গিয়ে তাদেরকে নেমে যাওয়ার জন্য বলেছে। বিচারপ্রার্থী মানুষকে বিচার থেকে বঞ্চিত করার এখতিয়ার কারও নেই। এর মাধ্যমে তারা আদালত অবমাননা করেছে।”
সুপ্রিম কোর্টের চার হাজার আইনজীবীর অধিকাংশই আদালতের কার্যক্রম চালানোর পক্ষে বলে দাবি করেন মতিন খসরু।
“আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, বেগম জিয়ার দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নের যে প্রয়াস সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি চালাচ্ছে, তা অবৈধ, অসাংবিধানিক, বেআইনি ও দণ্ডনীয় অপরাধ। কারণ ১৬ কোটি মানুষের অধিকার আছে, সর্বোচ্চ আদালত থেকে ন্যায় বিচার পাওয়ার।”
বর্তমান নেতৃত্ব সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে ‘দলীয় অফিসে’ পরিণত করেছে বলেও অভিযোগ করেন এই আইনজীবী।
আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে দাঁড়িয়ে সাবেক সম্পাদক মোমতাজ উদ্দিন মেহেদি বলেন, “আগামীকাল সকাল সাড়ে ৯টায় আমরা এই জায়গায় একত্রিত হব। যদি এই অবৈধ সিদ্ধান্ত প্রত্যাহার না করে তাহলে সভাপতি ও সম্পাদকের কক্ষে তালা লাগিয়ে দিব।”
রোববারের সাধারণ সভায় ২৫ জন আইনজীবী ছিলেন দাবি করে তিনি বলেন, “২৫ জনের সিদ্ধান্ত সমিতি মানে না।”
সরকারদলীয় সংসদ সদস্য ফজলে নূর তাপস বলেন, “দলীয় এজেন্ডা সুপ্রিম কোর্টে বাস্তবায়নের অপপ্রয়াস চলছে। আইনজীবীরা তা প্রতিহত করবে।”
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারবিরোধী আইনজীবীরা দ্বিমুখী আচরণ করছেন।
“মজার বিষয় হলো, তারা একটি রিট বেঞ্চ গিয়ে বিচারককে নেমে যাওয়ার অনুরোধ করেন। বিচারক জবাবে বলেন, প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ না করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া যায় না।”
“কিছুক্ষণ পরে ওই আইনজীবীরাই দল বেঁধে ওই আদালতে মামলা করতে গেছেন। তখন বিচারক বলেছেন, আপনারা সকালে আদালতকে নেমে যাওয়ার জন্য বলবেন। আবার এক ঘণ্টা পর মামলা করতে আসবেন, এটা হাস্যকর।”
রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা বলেন, “বিএনপি সমর্থক মুষ্টিমেয় কিছু আইনজীবী তাদের নেত্রীকে খুশি করতে এগুলো করছেন। অন্যরা সবাই মামলা করতে চান।”
