পরিবেশ ঠিক রাখতে আইনজীবীদের সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক
সুপ্রিম কোর্টের পরিবেশ ঠিক রাখতে জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান বিচারপতি এসকে সিনহা।
মঙ্গলবার দুপুরের পর অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপিপন্থি কোনো আইনজীবী অংশ নেননি।
বৈঠকে বর্তমান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, জ্যেষ্ঠ কৌঁসুলি ড. কামাল হোসেন, ব্যারিস্টার আমীর-উল ইসলাম, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, এএফ হাসান আরিফ, ইউসুফ হোসেন হুমায়ুন, আবদুল বাসেত মজুমদার প্রমুখ অংশ নেন।
বৈঠকে আপিল বিভাগের বিচারকরাও ছিলেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।
পরে মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, “আদালতের পরিবেশ যাতে ঠিক থাকে, এখানে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়, যাতে কোন মাইকিং না হয়, কাজের কোনো ব্যাঘাত না ঘটে এ জন্য উনি (প্রধান বিচারপতি) আমাদের সবার সহযোগিতা চেয়েছেন। এই পরিবেশ ঠিক রাখতে সবার পদক্ষেপ উনি চেয়েছেন। এ ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন।
“আদালত প্রাঙ্গণে যাতে কোনো রকম সন্ত্রাসী কর্মকাণ্ড না হয়, সে জন্য কী করা যায়, সে ব্যাপারেও মত বিনিময় করেছেন।”
অ্যাটর্নি জেনারেল বলেন, “সাম্প্রতিক সময়ে আদালতে মিছিল হচ্ছে, মাইকিং হচ্ছে। আদালতের সামনে গিয়ে প্রসেশন হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে এই মত বিনিময় আহ্বান করা হয়।”
কামাল হোসেন বলেন, “আমি প্রধান বিচারপতিকে বলেছি, আদালতের পবিত্রতা যাতে ক্ষুণ্ন না হয়। আমরা কেউই এই এসব চাই না। আমরা সবাই এর বিরুদ্ধে।”
হাসান আরিফ বলেন, বারের সাবেক সভাপতি, বর্তমান সভাপতি-সম্পাদক, সাবেক অ্যাটর্নি জেনারেল ও জ্যেষ্ঠ আইনজীবীদের এই বৈঠকে ডেকেছিলেন প্রধান বিচারপতি।
তবে বর্তমান সভাপতি-সম্পাদক এই বৈঠকে যাননি বলেও জানান এই সাবেক অ্যাটর্নি জেনারেল।
বিএনপি জোটের রাজনৈতিক কর্মসূচির সমর্থনে তাদের সমর্থিত আইনজীবীরা আদালতে কর্মসূচি পালন করে আসছে। এতে সাম্প্রতিক সময়ে উচ্চ ভলিউমের স্পিকারও ব্যবহৃত হচ্ছে।
মঙ্গলবারও হরতালের সমর্থনে সমাবেশেও বিএনপি জোট সমর্থক আইনজীবীরা লাউড স্পিকার ব্যবহার করে। অন্যদিকে আদালতের পরিবেশ ঠিক রাখতে সরকার সমর্থক আইনজীবীরাও পাল্টা মিছিল করে।
