বগুড়ায় আওয়ামী লীগ নেতা খুন
বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের এক নেতাকে পেটে ও গলায় ছুরি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত শামছুল হক উপজেলার এলাঙ্গী ইউনিয়নের আওয়ামী লীগ সহ-সভাপতি ছিলেন। তার বাড়ি দিদার পাড়ায় বলে জানিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ তারেক।
ধুটন থানার ওসি জিয়াউর রহমান জানান, সোমবার সকালে রাঙ্গামাটি গ্রামের রাস্তার পাশে একটি ধান ক্ষেতে শামছুলের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহতের গলায় ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।”
সম্ভবত মধ্যরাতের কোনো এক সময় বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে একা পেয়ে হত্যা করে বাড়ির কাছের ওই ক্ষেতে তার লাশ ফেলে রাখে বলে ধারণা পুলিশের।
স্বজনরা জানিয়েছে, রোববার সন্ধ্যা ৬টায় শামছুল হক বাড়ি থেকে বের হন। সর্বশেষ রাত ১২টার দিকে তাকে রাঙ্গামাটি হাই স্কুলের সামনে দেখেছিলেন স্থানীয়রা।
একদিন আগে বগুড়া সদরের ফুলতলা এলাকায় রঞ্জু প্রামানিক (৪০) নামে এক যুবলীগকর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
