২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ বছরেও শেষ হয়নি ফারুক হত্যার বিচার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মী ফারুক হোসেন হত্যা মামলার বিচার পাঁচ বছরেও শেষ হয়নি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইব্রাহীম খলিল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 09:47 PM

Updated : 25 Apr 2022, 12:59 PM

দ্রুত এ হত্যাকাণ্ডের বিচার শেষ করার দাবি জানিয়েছেন তার পরিবার ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

রাজশাহী আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইব্রাহিম হোসেন জানান, হল দখলকে কেন্দ্র করে ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি গভীর রাতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর হামলা চালায় শিবির ক্যাডাররা। এতে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন নিহত হন।

ঘটনার পরদিন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপু বাদী হয়ে শিবিরের ৩৫ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও অনেক শিবির নেতা-কর্মীর নামে নগরীর মতিহার থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার প্রায় আড়াই বছর পর ২০১২ সালের ২৮ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা জিল্লুর রহমান আদালতে ১২৬৯ পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করেন।

এতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, রাজশাহী মহানগর আমির আতাউর রহমান, রাবি ছাত্রশিবিরের তৎকালীন সভাপতি শামসুল আলম গোলাপ, সেক্রেটারি মোবারক হোসেন, নবাব আব্দুল লতিফ হলের সভাপতি হাসমত আলী, শহীদ হবিবুর রহমান হলের সভাপতি রাইজুল ইসলাম, শিবিরকর্মী রুহুল আমিন ও বাপ্পীসহ ১১০ জনকে অভিযুক্ত করা হয়।

মামলার বর্তমান অবস্থা সর্ম্পকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পিপি জানান, বর্তমানে মামলাটির সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। তবে হরতাল-অবরোধের কারণে মামলাটির শুনানি অনেকদিন ধরে হচ্ছে না। এতে বিচারকাজ বিলম্বিত হচ্ছে।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি  তিন বছর আগে প্রতিবেদন জমা দিলেও সুপারিশের আলোকে কোনো ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক গোলাম কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত কমিটি নির্দিষ্ট সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। এ ধরনের তদন্ত প্রতিবেদনের সুপারিশগুলো ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে আমি বিস্তারিত কিছু জানি না। তবে যতদূর মনে হচ্ছে তদন্ত কমিটির প্রতিবেদন এখনও সিন্ডিকেটে তোলা হয়নি।”

এদিকে, রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফারুকের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় দ্রুত বিচার শেষ করার দাবি জানান আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, দীর্ঘদিন পেরিয়ে গেলেও ফারুক হোসেন হত্যার বিচার কাজ শেষ হয়নি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

স্মরণ সভায় ফারুক হত্যার ঘটনায় জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি বাতিল করার দাবি জানান ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান রানা।

এতে বক্তব্য দেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিএম শফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র উপদেষ্টা গোলাম সাব্বির সাত্তার তপু, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহা, নিহত ফারুকের বড় বোন আছমা বেগম প্রমুখ।

আছমা বেগম বলেন, “ফারুকের মৃত্যু শোকে বাবা-মা পাগল প্রায়। আসলে যাদের পরিবার থেকে কেউ হারিয়ে যায়, তারা বোঝে কষ্ট কাকে বলে। আমার কোনো কিছু চাওয়ার নেই। আমি শুধু ভাই হত্যার বিচার চাই।”