২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা

বগুড়া সদরে এক যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 07:26 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

রোববার বিকালে শহরতলীর ফুলতলা এলাকায় এ হামলায় নিহত রঞ্জু প্রামানিক (৪০) স্থানীয় প্রয়াত শুকুর আলী প্রামানিকের ছেলে।

শাজাহানপুর থানার ওসি আব্দুল মান্নান জানান, বিকাল সাড়ে ৪টার দিকে রঞ্জু ফুলতলা এলাকায় আমেরিকা বোর্ডিংয়ের সামনে বসেছিলেন।

এ সময় কয়েকটি মোটরসাইকেলে কয়েকজন সন্ত্রাসী গিয়ে হাতবোমা ফাটায়। একইসঙ্গে তারা রঞ্জুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আবার মোটরসাইকেলে উঠে চলে যায়।

স্থানীয়রা রঞ্জুকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রঞ্জুর ভাই ঝন্টুর দাবি, ফুলতলা এলাকার নিহত সাবেক শীর্ষ সন্ত্রাসী শাহিনের অনুসারীরা রঞ্জুকে হত্যা করেছে। ২০১১ সালের ২৪মে শাহিন খুন হন।

ঝন্টু জানান, শাহিন হত্যা মামলার আসামি ছিলেন তার আরেক ভাই মজনু।

মেডিকেল এলাকায় দায়িত্বে থাকা ছিলিমপুর পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম জানান, রঞ্জুর মাথায় ৩টি ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।

বগুড়া জেলা যুবলীগের সদস্য আমিনুল ইসলাম ডাব্লু জানান, রঞ্জু যুবলীগের একজন কর্মী। তিনি কোনো কমিটিতে না থাকলেও সংগঠনের কর্মসূচিতে নিয়মিত অংশ নিতেন।