কুমিল্লায় পুলিশ ভ্যানে পেট্রোল বোমা, দুই জামায়াতকর্মী গুলিবিদ্ধ
অবরোধের মধ্যে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় পুলিশ ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপের পর জামায়াতে ইসলামীর দুই কর্মী পুলিশের গুলিতে আহত হয়েছেন।
পেট্রোল বোমায় নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম দগ্ধ হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নাঙ্গলকোট থানার এসআই শফিকুল ইসলাম জানান, শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার লদুয়া-তুঘুরিয়া এলাকায় নোয়াখালী-ঢাকা মহাসড়কে টহল পুলিশের একটি ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ করে একদল জামায়াত-শিবির কর্মী।
এ সময় পুলিশ সদস্যরা গাড়ি থেকে নেমে গুলি চালালে দুই জামায়াত কর্মী আহত হন।
তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পেট্রোল বোমায় ওসি নজরুল ইসলাম সামান্য দগ্ধ হয়েছেন বলে এসআই শফিকুল জানিয়েছেন।
কুমিল্লা মেডিকেলের জরুরি বিভাগের ব্রাদার শামসুদ্দিন মিয়া জানান, ভোর সোয়া ৫টার দিকে নাঙ্গলকোট থানার এসআই আশরাফুল ইসলাম গুলিবিদ্ধ দুই যুবককে হাসপাতালে নিয়ে আসেন।
এরা হলেন- বেলাল হোসেন (২৮) ও বেলায়েত হোসেন (৪৩)।
তাদের হাত ও পায়ে গুলি লেগেছে বলে হাসপাতাল কর্মী শামসুদ্দিন জানিয়েছেন।
তারা দুজনই জামায়াতে ইসলামীর কর্মী বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
গত এক মাসেরও বেশি সময় ধরে বিএনপি-জামায়াত জোটের অবরোধে যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহনে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ ও বোমাবাজির ঘটনা ঘটছে। নাশকতার এসব ঘটনায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
অবরোধকারীদের হামলা থেকে বাদ পড়ছেন না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। শনিবার সকালে রাজধানীর শ্যামলীতে অবরোধ সমর্থকদের হাতবোমায় ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট আহত হয়েছেন।
এর আগে গত ১৭ জানুয়ারি রাতে শাহবাগে পুলিশ সদস্যদের বহনকারী একটি বাসে পেট্রোল বোমা ও হাতবোমা হামলায় ১৩ পুলিশ দগ্ধ হন, যাদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
