২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বোমার সরঞ্জামসহ স্কুলছাত্র আটক

ফেনী শহরে বোমা তৈরির সরঞ্জাম ও বেশকিছু পটকাসহ এক স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2015, 04:01 PM

Updated : 12 Oct 2022, 03:15 PM

পুলিশ জানায়, শুক্রবার শহরের রামপুর এলাকার একটি বাসা থেকে আবদুল্লাহ আল মিয়াজি ইয়েনকে (১৪) আটক করা হয়।

ইয়েন নোয়াখালীর সেনবাগ উপজেলার কালিরহাট এলাকার মোহাম্মদ ইয়াসিনের ছেলে। সে ফেনী শহরের রামপুর শাহীন একাডেমি স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী।

ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ জানান, গোপন সংবাদ পেয়ে ভোররাতে পুলিশ শহরের রামপুর এলাকার একটি বাসায় অভিযান চালায়।

এ সময় রামপুর শাহীন একাডেমী স্কুলের ৯ম শ্রেনীর শিক্ষার্থী আবদুল্লাহ আল মিয়াজি ইয়েনকে বোমা তৈরীর সরঞ্জাম ও বিপুল পরিমান পটকাসহ আটক করা হয়।

উদ্ধার মালামালের মধ্যে রয়েছে ৩৫টি পটকা (চকলেট বাজি), ৩০ বাক্স আতশবাজি, ১৪ বাক্স ঝরকা বাজি, ১৭টি লাটিম, তিনটি ফান্টার খালি বোতল, ২টি জর্দার কৌটা, ছুরি, কাঁচি ও টেপ।

ওসি মাহবুব মোর্শেদ আরও জানান, পুলিশের প্রাথমিক জিঙ্গাসাবাদে সে বোমা তৈরির জন্য এগুলো মজুদ করেছে বলে পুলিশকে জানিয়েছে।

সে ইতোমধ্যে মহাসড়কে বেশকিছু যানবাহনও ভাংচুর করেছে।

তার বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।