২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পেট্রোল বোমায় ‍নিহত ট্রাক হেলপার

রাজশাহীর পুঠিয়ায় পেট্রোল বোমার আগুনে দগ্ধ হয়ে ও চাকায় পিষ্ট হয়ে এক ট্রাক চালকের সহকারী নিহত হয়েছেন, আহত হন চালক।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2015, 09:53 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

বৃহস্পতিবার রাতে বেলপুকুর সেতুর পাশে এ ঘটনাটি ঘটে বলে জানান পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান হাফিজ।

নিহত পিন্টু রহমান (২৭) রাজশাহীর চারঘাটের টাঙন এলাকার আহমেদের ছেলে।

আহত চালক মিঠুনকে (৩৫) পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরিদর্শক হাফিজুর রহমান হাফিজ জানান, রাত সাড়ে ৮টার দিকে কুল নিয়ে ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রাম যাচ্ছিল।

বেলপুকুর সেতুর কাছে পৌঁছলে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা একটি পেট্রোল বোমা ছোড়ে।

বোমাটি ট্রাকের চালকের সহকারী পিন্টুর মাথায় লেগে আগুন ধরে যায়। এ সময় পিন্টু ট্রাক থেকে ঝাঁপ দিলে ট্রাকের চাকায় পিষ্ট হন।

এরপর পুরো তার শরীরে আগুন ধরে যায় এবং পুড়ে কয়লা হয়ে যায়।

হাফিজ জানান, এ অবস্থায় চালক মিঠুন ট্রাকটি থামিয়ে স্থানীয়দের সহযোগিতায় ট্রাকের সামনের অংশে লাগা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে তিনি সামন্য দগ্ধ হন।

হাফিজ বলেন, লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ওই ট্রাকের মালামালগুলো অন্য একটি ট্রাকে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।