গুগল পথচিত্রে বাংলাদেশ
ব্যবহারকারীরা দেখতে পাচ্ছিলেন বেশ কিছুদিন আগে থেকেই; এবার সড়ক পরিবহনমন্ত্রীকে ঢাকার ত্রিমাত্রিক পথচিত্র দেখিয়ে আনুষ্ঠানিকভাবে চালু হলো বাংলাদেশের ‘গুগল স্ট্রিট ভিউ’।
এখন হাতের স্মার্টফোনেই ইন্টারনেটের মাধ্যমে যে কেউ দেখে নিতে পারবেন তার গন্তব্যের দৃশ্যপট। ৩৬০ ডিগ্রি বা প্যানারোমিক ভিউতে রাস্তার ছবি দেখে সহজেই খুঁজে নিতে পারবেন কাঙ্ক্ষিত ঠিকানা।
গুগল ২০০৭ সালে যুক্তরাষ্ট্রে প্রথম এ সুবিধা চালু করার পর অর্ধশতাধিক দেশের অলিগলি স্ট্রিট ভিউয়ের আওতায় এসেছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে গুগল স্ট্রিট ভিউ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গুগল বাংলাদেশ, ইউএসএআইডি ও সরকারের একসেস টু ইনফরমেশন প্রকল্পের কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনের ঘোষণা দেওয়ার পর ওবায়দুল কাদের বলেন, প্রকল্প শুরুর দুই বছরের মাথায় সারা বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীরা স্ট্রিট ভিউ এর সুবাদে বাংলাদেশের নির্বাচিত অঞ্চলের বহুমাত্রিক স্থিরচিত্র দেখার সুযোগ পেতে শুরু করেছেন। বিশ্বের ৬৬তম দেশ হিসেবে বাংলাদেশে গুগল পথচিত্রের অন্তর্ভুক্ত হয়েছে।
“প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটি দেশের তথ্যপ্রযুক্তি খাতে একটি নিরব বিপ্লব। এর রূপকার তিনি, আর ‘ভ্যানগার্ড’ হিসাবে ছিলেন তার উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়।”
গুগল বাংলাদেশের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার থেকে তারা ঢাকায় ‘স্ট্রিট ভিউ ট্র্যাকার’ ও ‘অয়্যারেবল ব্যাকপ্যাক’ চালু করেছেন, যার মাধ্যমে পায়ে হাঁটার রাস্তাগুলোর বহুমাত্রিক ছবিও স্ট্রিট ভিউয়ে যুক্ত হবে।
সরকারের একসেস টু ইনফরমেশন প্রকল্পের পরিচালক কবীর বিন আনোয়ার অনষ্ঠানে বলেন, গুগল স্ট্রিট ভিউ ‘ডিজিটাল বাংলাদেশ পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতিরই’ প্রতিফলন।
গুগলের এশিয়া প্যাসিফিক পাবলিক পলিসি পরিচালক অ্যান লাভিন বলেন, নতুন ‘স্ট্রিট ভিউ’ বাংলাদেশকে ভিন্ন প্রেক্ষাপটে তুলে ধরবে। এতে ঢাকা শহরের ব্যস্ত রাস্তা থেকে শুরু করে সবচেয়ে দৃষ্টি নন্দন ও আকর্ষণীয় স্থানগুলোর ছবিও দেখা যাবে। এতে বিশ্বের পর্যটকরা বাংলাদেশের প্রতি আকৃষ্ট হবেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব খোরশেদ আলম, ইউএসএআইডি বাংলাদেশ মিশনের পরিচালক মিজ ইয়ানিনা জারুজেলস্কিসহ কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। .
