প্রথম আলোর বিরুদ্ধে না. গঞ্জ আওয়ামী লীগ নেতার মামলা
কথা না বলে তা সংবাদ প্রতিবেদনে ব্যবহারের অভিযোগ এনে প্রথম আলোর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন নারায়ণগঞ্জের এক আওয়ামী লীগ নেতা।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বাদী হয়ে বৃহস্পতিবার নারায়ণগঞ্জের বিচারিক হাকিম আদালতে এই মামলা করেন।
তিনি সংবাদপত্রটির নারায়ণগঞ্জ প্রতিনিধি আসিফ হোসেন ও সম্পাদক মতিউর রহমানকে বিবাদী করেছেন।
হাকিম মনোয়ারা বেগম অভিযোগ গ্রহণ করে ফতুল্লা মডেল থানার ওসিকে আগামী ৯ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন বলে বাদী খোকন সাহা জানিয়েছেন।
আওয়ামী লীগ নেতা খোকন সাহা নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য।
গত ৩ ফেব্রুয়ারি প্রথম আলোয় প্রকাশিত ‘আওয়ামী লীগ নেতারা চাইলেন বিএনপি নেতার জামিন’ শিরোনামে সংবাদকে কেন্দ্র করে এই মামলা হয়েছে।
অ্যাডভোকেট খোকনের অভিযোগ, ওই প্রতিবেদনে কথা না বলেই তাকে উদ্ধৃত করেছেন প্রতিবেদক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই নিউজের শেষাংশে আমাকে ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আনিছুর রহমান দিপুর উদ্ধৃতি দিয়ে বক্তব্য ছাপা হয়েছে।
“কিন্তু প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি আসিফ হোসেনের সঙ্গে গত এক বছরে আমার ও দিপুর দেখা ও মুঠোফোনে কোনো কথা হয়নি। এই মিথ্যা বক্তব্য প্রকাশ সংবাদপত্রের নীতিমালা ভঙ্গ করেছে। এতে আমাদের মানহানি হয়েছে।”
