২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ছাত্রদলে পদের আশ্বাসে’ ট্রেনে অগ্নিসংযোগ

ছাত্রদলে পদ দেওয়ার আশ্বাসে এক যুবক গাজীপুরের জয়দেবপুর রেল জংশনে ট্রেনে আগুন দেয় বলে পুলিশ দাবি করছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2015, 08:21 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-গাজীপুর রুটে চলাচলকারী তুরাগ ট্রেনের একটি বগিতে আগুন দিয়ে পালানোর সময় মমিন (২৫) নামের একজনকে আটক করা হয়।

কমলাপুর রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানান, ট্রেনের একটি বগির সিটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে নেমে পালানোর সময় রেলওয়ে পুলিশ, কর্মচারী ও স্থানীয় জনতা তাকে আটক করে।

এরপর পালাতে চেষ্টা করলে স্টেশনে কর্মরত রেলওয়ে পুলিশ তার পায়ে গুলি করে।

পরে তাকে রেলওয়ে জংশনের কর্মচারীদের সহায়তায় গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রেল পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

মমিনের স্বীকারোক্তির বরাত দিয়ে কমলাপুর রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ সাংবাদিকদের জানান, জেলা শহরের জোড়পুকুর এলাকায় বাসিন্দা মমিন স্থানীয় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে স্নাতক (পাস) শ্রেণির ছাত্র।

বাস ও ট্রেনে অগ্নিসংযোগ করলে স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতৃবৃন্দ তাকে ছাত্রদলের সভাপতি করবে বলে আশ্বাস দেওয়ায় মমিন ট্রেনে আগুন দিয়েছে।

তবে কারা তাকে ওই আশ্বাস দিয়েছে তদন্তের স্বার্থে ওই ব্যাপারে কোনো তথ্য জানাননি ওই পুলিশ কর্মকর্তা।

এছাড়া মমিন বর্তমানে ছাত্রদলের কোনো কমিটির পদে আছেন কি না তাও জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

এ ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় দুইটি মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান ওসি মজিদ।

সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে তুরাগ কমিউটার ট্রেনটি জয়দেবপুর জংশনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যাত্রীবেশে ওঠা দুই দুর্বৃত্ত ট্রেনের একটি বগির দুটি সিটে আগুন ধরিয়ে দেয়। আগুনে ট্রেনের কয়েকটি আসন পুড়েছে, তবে কেউ আহত হয়নি।

পুরনো খবর:

গাজীপুরে ট্রেনে আগুন দিয়ে পালানোর সময় একজন আটক