রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চার নেতা বহিষ্কৃত
সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চার নেতাকে বহিষ্কার করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।
বৃহস্পতিবার বিকালে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত বহিষ্কার আদেশ বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁচেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শিশির।
বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি পদে থাকা মোহাম্মদ আলী রাজ ও রোকনুজ্জামান রোকন এবং যুগ্ম সম্পাদক রাজিব মণ্ডল ও তিতাস চন্দ্র রায়।
শিশির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ওই চার নেতাকে বহিষ্কারসহ তাদের প্রাথমিক সদস্যপদ বাতিল করেছে কেন্দ্রীয় কমিটি।"
২৯ জানুয়ারি ওই চার নেতার সদস্যপদ স্থগিত করে দল থেকে তাদের স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিকে সুপারিশ করেছিল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
তাদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, ২৮ জানুয়ারি রাতে সহ-সভাপতি মোহাম্মদ আলী রাজের নেতৃত্বে ওই চার নেতা বিশ্ববিদ্যালয়ের সামনের সর্দার পাড়ার একটি মেস থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল হককে অপহরণ করে নিয়ে যান।
পরে ওবায়দুলকে বেদম পিটিয়ে তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নেন তারা।
বহিষ্কারের বিষয়টি শুনলেও কাগজপত্র হাতে পাননি বলে জানিয়েছেন বহিষ্কৃত নেতা মোহাম্মদ আলী রাজ, রোকনুজ্জামান রোকন, রাজিব মণ্ডল ও তিতাস চন্দ্র রায়।
মিথ্যা অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে দাবি করেন তারা।
