২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়েও মামলায় খালেদা হুকুমের আসামি

নাশকতার মামলায় ঢাকা ও কুমিল্লার পর পঞ্চগড়েও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2015, 06:14 PM

Updated : 25 Apr 2022, 12:58 PM

এ মামলায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকেও আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বোদা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেলিম সোহাগ বাদী হয়ে আমলী আদালত-৩ এ মামলাটি দয়ের করেন।

বাদীপক্ষের আইনজীবী ফখরুল হাসান তপু ও পদ্মলোচন দে জানান, বিচারক শিশির কুমার বসু অভিযোগ আমলে নিয়ে বোদা থানার ওসিকে বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, গত ৫ জানুয়ারি ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়।

এরপর থেকে আসামিদের নির্দেশে দলীয় নেতাকর্মীসহ সন্ত্রাসীরা পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা, নানাভাবে জানমালের ক্ষতিসাধনের পাশাপাশি রাষ্ট্রদ্রোহের মতো অপরাধ করছে।

বাদী সেলিম সোহাগ বলেন, একের পর এক মানুষ হত্যাসহ নানা ঘটনায় বিবেকতাড়িত হয়ে তিনি আদালতে প্রতিকার চেয়েছেন।

এ ব্যাপারে বোদা থানার ওসি মজনুর রহমান বলেন, মামলা বা আদালতের নির্দেশের কোনো কাগজপত্র এখনও পাননি।

এর আগে ঢাকার যাত্রাবাড়িতে বাসে এবং কুমিল্লার চৌদ্দগ্রামে কভার্ড ভ্যান ও বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় পুলিশের মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়।

এছাড়া ঢাকার আদালতে একটি অভিযোগ দায়ের করেন জনননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।    

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডাকে গত ৫ জানুয়ারি থেকে সারা দেশে অবরোধ চলছে। অবরোধের ফাঁকে ফাঁকে হরতালেরও ডাক আসছে বিএনপি-জামায়াত জোটের পক্ষ থেকে।

এসব কর্মসূচিতে প্রায় প্রতিদিনই রাজধানীসহ সারা দেশে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে, যাতে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

পুরনো খবর:

নাশকতায় মৃত্যু: খালেদার বিরুদ্ধে আদালতে অভিযোগ
খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা
খালেদাকে হুকুমের আসামি করে কুমিল্লায়ও মামলা
কুমিল্লায় খালেদাকে হুকুমের আসামি করে মামলা