২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাতুয়াইলে ‘বন্দুকযুদ্ধে’ নিহতরা লক্ষ্মীপুরের

বিরোধী জোটের অবরোধ-হরতালের মধ্যে দুই দিন আগে ঢাকার মাতুয়াইলে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত দুজনের পরিচয় মিলেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2015, 05:31 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

তাদের দুজনে বাড়ি লক্ষ্মীপুরে, ঢাকায় থাকতেন ফার্মগেইট এলাকায়। তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলে তাদের স্বজনদের দাবি।

মঙ্গলবার মধ্যরাতে যাত্রাবাড়ী থানা এলাকার মাতুয়াইল কাঠেরপুল এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ‍নিহত হওয়ার পর লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়। বৃহস্পতিবার দুপুরে মর্গে গিয়ে স্বজনরা লাশ সনাক্ত করে।

নিহত দুজনের নাম শাখাওয়াত হোসেন রাহাত (১৯) ও মুজাহিদুল ইসলাম ভূঁইয়া জিহাদ (৩৩)।

রাহাতের ভাই রিপন মর্গে সাংবাদিকদের বলেন, ২১ জানুয়ারি দুপুরে ফার্মগেইট এলাকা থেকে সাদা পোশাকের একদল লোক তার ভাইকে ধরে নিয়ে যায়।

রাহাত ফার্মগেইট ‘উত্তরণ মটরসে’ চাকরি করতেন এবং ওই প্রতিষ্ঠানেরই ভবনের তৃতীয় তলায় থাকতেন বলে জানান তার ভাই।

“দুপুরে ফার্মগেইট এলাকায় একটি হোটেলে খাওয়া শেষে বের হওয়ার পরপরই তাকে ধরে নিয়ে যায়। পরদিন তেজগাঁও থানায় আমরা একটি জিডি (সাধারণ ডায়েরি) করি। কোথাও তার খবর পাচ্ছিলাম না।”

রিপন বলেন, “আমার ভাই কোন দল করত না।”

দুই ভাই, এক বোনের মধ্যে ছোট ছিলেন রাহাত। তার বাবার নাম আলমগীর হোসেন। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার লুদুয়ায় তাদের বাড়ি।

জিহাদের ছোট ভাই জাহিদুল ইসলাম সোহাগ মর্গে লাশ সনাক্ত করে সাংবাদিকদের বলেন, কারওয়ান বাজারে সবজির ব্যবসা করতেন তার ভাই। থাকতেন ফার্মগেইট এলাকায়।

সিঙ্গাপুর প্রবাসী সোহাগ বলেন, দুই বছর আগে তিনি জিহাদকে তার সঙ্গে প্রবাসে নিয়ে গিয়েছিলেন। কিন্তু দুই মাস থাকার পর ফিরে আসেন জিহাদ।

জিহাদ ফার্মগেইটে কোথায় থাকতেন, তা জানা নেই সোহাগের। সংবাদপত্রে ছবি দেখে তিনি ভাইয়ের লাশের জন্য মর্গে যান। 

সোহাগও দাবি করেন, জিহাদ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না।

চার ভাই পাঁচ বোনের মধ্যে জিহাদ অষ্টম। তার বাবার নাম আবুল খায়ের ভূঁইয়া। তাদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার মির্জাপুর ভূঁইয়া বাড়ি।

রাহাত ও জিহাদ দুজন দুজনকে চিনতেন কি না, তা তাদের স্বজনরা বলতে পারেননি। 

র‌্যাবের বক্তব্য অনুযায়ী, বিএনপি জোটের অবরোধের মধ্যে বাহিনীর টহল গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়েছিল রাহাত ও জিহাদ।

তাদের মৃত্যুর পর র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, “পেট্রোল বোমা ছোড়ার পর র‌্যাব সদস্যরা গাড়ি থেকে নামলে সামনে পাঁচ/ছয়জন দুর্বৃত্তকে দেখা যায়। তারা গুলি ছুড়লে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলে সেখানে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।”

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ইমরানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বন্দুকযুদ্ধের’ ওই ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে।

পুরনো খবর:

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২