২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ নিবন্ধনের সময় বাড়ল

হরতাল-অবরোধের কারণে হজে যেতে আগ্রহীরা নিবন্ধনে জটিলতায় পড়ায় সময় বাড়িয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2015, 02:50 PM

Updated : 22 Aug 2022, 11:39 AM

আগ্রহীরা আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত হজে যাওয়ার জন্য অনলাইনে নিবন্ধন করতে পারবেন বলে ধর্মসচিব চৌধুরী মো. বাবুল হাসান জানিয়েছেন।

সরকারের আগের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার নিবন্ধনের সময় শেষ হওয়ার কথা ছিল। 

ধর্মসচিব বলেন, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হলেও এর আগেই হজযাত্রীর কোটা পূরণ হয়ে গেলে বর্ধিত পুরো মেয়াদ কার্যকর হবে না।

সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় এবার বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ করতে পারবেন।

এর মধ্যে সরকারিভাবে ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন হজের সুযোগ পাবেন।

সরকারি ব্যবস্থাপনায় এবার হজযাত্রীদের পাঠানো হচ্ছে দুটি প্যাকেজের আওতায়, যা

গত ৮ ডিসেম্বর মন্ত্রিসভা অনুমোদন করে।

এর মধ্যে প্যাকেজ-১ এর আওতায় ব্যয় হবে ৩ লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা। আর প্যাকেজ-২ এ খরচ পড়বে ২ লাখ ৯৬ হাজার ২০৬ টাকা।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ৫১ হাজার ৬৯০ টাকা ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৮ হাজার ৩৩১ টাকা দিয়ে নিবন্ধন করা যাবে। বাকি টাকা ১০ জুনের মধ্যে জমা দিতে হবে।

সৌদি আরব সরকারের ইলেকট্রনিক ব্যবস্থাপনার কারণে এবার আগে থেকেই হজের টাকা জমা নেওয়া হচ্ছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর (৯ জিলহ্জ) হজ হতে পারে।