ঝিনাইদহে ট্রেন-ট্রাক সংঘর্ষ
ঝিনাইদহের কোটচাঁদপুর লেভেল ক্রসিংয়ে তেলবাহী ট্রেনের ধাক্কায় ট্রাক ছিটকে পড়ে চালক আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের কলেজ গেইট এলাকার এ দুর্ঘটনা ঘটে।
আহত ট্রাক চালক ইছাহক আলীকে কোটচাঁদপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
রেলওয়ের পশ্চিমজোনের পাকশী ডিভিশনের ম্যানেজার মোশারফ হোসেন জানান, এতে ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তেলবাহী ট্রেনটি পাকশী থেকে খুলনা যাওয়ার সময় সকাল সাড়ে ৭টার দিকে মাটিবোঝাই ট্রাকটি ওই ক্রসিংয়ে উঠে পড়ে।
এ সময় ট্রেনের ধাক্কায় ট্রাকটি ছিটকে পড়লে লাফিয়ে নামতে গিয়ে চালক আহত হন।
নির্জন এলাকায় ওই লেভেল ক্রসিংয়ে কোনো বাঁশকল নেই। সেখানে রেলের দায়িত্বপ্রাপ্ত কোনো গেইটম্যানও থাকে না বলে জানিয়েছে এলাকাবাসী।
