২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫৭ কোটি টাকার সরঞ্জাম পাচ্ছে ফায়ার ব্রিগেড

অগ্নি নির্বাপণী যানবাহন ও উদ্ধার সরঞ্জাম কিনতে ৫৬ কোটি ৯৭ লাখ টাকার একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 07:46 PM

Updated : 25 Apr 2022, 12:58 PM

দেশের ৭৬টি উপজেলা সদরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন (তৃতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় এসব সরঞ্জাম কেনা হবে। 

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, এ ক্রয় প্রস্তাবের ১৬টি লটের মধ্যে ১১টি লটে সরঞ্জাম সরবরাহ করবে ‘ফন ইন্টারন্যাশনাল’। দুটি লটের সরঞ্জাম দেবে ‘মেলা’ নামের একটি প্রতিষ্ঠান।

এছাড়া ‘মানিক ব্রাদার্স’, ‘সাদমান অ্যাসোসিয়েশন’ ও ‘ফুজিয়ান পাওয়ার’ নামের তিনটি প্রতিষ্ঠান বাকি লটগুলোর সরঞ্জাম সরবরাহ করবে।

বরগুনার লালদিয়ায় বাল্ক টার্মিনাল নির্মাণ প্রকল্পের পরামর্শকের কাজ কানাডীয় কোম্পানি ‘এমএমএম গ্রুপ লিমিটেড’কে দেওয়ার প্রস্তাবও বৈঠকে অনুমোদন পেয়েছে।

এমএমএম গ্রুপ লিমিটেডের সঙ্গে সহযোগী পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে থাকছে ‘ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং’ ও ‘ম্যাকস ইঙ্ক’।

মোস্তাফিজুর রহমান জানান, প্রতিষ্ঠান তিনটি পরামর্শক হিসাবে কাজের জন্য পাবে ১৪ কোটি ৫৩ লাখ ৬৭ হাজার টাকা। সরকারি-বেসরকারি অংশীদারিত্বে এ বাল্ক টার্মিনাল নির্মাণ করা হবে।