২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় গৃহবধূসহ ২ জনের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পৃথক স্থানে এক গৃহবধূসহ দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 07:09 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

এরা হলেন- সুলতানপুর গ্রামের আব্দুল বারিকের স্ত্রী সুফিয়া বেগম (৪৭) এবং বিষ্ণুপুর গ্রামের ওয়াহিদুল ইসলামের ছেলে স্বপন আলী (২৪)।

দামুড়হুদা মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, বুধবার দুপুরে সুফিয়ার লাশ সুলতানপুর গ্রামের একটি আমবাগান এবং স্বপনের লাশ বিষ্ণুপুর গ্রামে তার বাড়ি থেকে উদ্ধার করা হয়।

স্থানীয়দের উদ্ধৃত করে তিনি বলেন, বেলা ১১টার দিকে এলাকাবাসী সুলতানপুরের কুড়লগাছি মাদ্রাসা সংলগ্ন একটি আমবাগানে সুফিয়ার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।  

মঙ্গলবার রাতে প্রতিবেশীর বাড়ি যাওয়ার কথা বলে বের হওয়ার পর সুফিয়া নিখোঁজ হয়েছিলেন বলে তিনি জানান।

ওসি আরও জানান, সকালে বিষ্ণুপুর গ্রামের নিজ ঘরের আড়ায় স্বপনের ঝুলন্ত লাশ দেখে পরিবারের লোকজন থানায় খবর দেয়।

স্বপন কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

তিনি বলেন, স্বপনের পরিবার মামলা করবে না বলে ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

"দুটি ঘটনাই আত্মহত্যা বলে উভয় পরিবারের সদস্যরা দাবি করলেও সুফিয়া বেগমের লাশ বাড়ির বাইরে আমবাগানে পাওয়ায় তার ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়।"

এ দুই ঘটনায় দুটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান ওসি কামরুজ্জামান।