বেনাপোলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
যশোরের শার্শায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো দুইজন।
পুলিশ জানায়, বুধবার বিকালে যশোর-বেনাপোল মহাসড়কে উপজেলার ত্রিমোহিনী শ্যামলাগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল ইসলাম (৫০) উপজেলার রাজগঞ্জ গ্রামের নূরুল মন্ডলের ছেলে।
এ ঘটনায় আহত আবু সুফিয়ান ও পিন্টুকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাভারন হাইওয়ে পুলিশের ট্রাফিক সার্জন বুলবুল আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেজাউল মোটরসাইকেলে করে অসুস্থ আবু সুফিয়ানকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন।
পথে বেনাপোলমুখী ইট বোঝাই একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই রেজাউল মারা যান, বলেন বুলবুল।
