২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েটে বোমা ফাটানোর পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

বিএনপি জোটের অবরোধ-হরতালের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) হাতবোমা বিস্ফোরণের পর ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতাসহ দুইজনকে আটক করে পিটিয়ে পুলিশে দিয়েছে জনতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 06:35 PM

Updated : 25 Apr 2022, 12:58 PM

চকবাজার থানার পরিদর্শক মো. ইলিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে একটি পেট্রোল বোমা ও বোতলে ভরা পেট্রোলসহ তাদের গ্রেপ্তার করা হয়।

এই দুজন হলেন- ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহাদত হোসেন (২৮) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মী গোলাম কিবরিয়া (২৫)।

পরিদর্শক ইলিয়াস জানান, শাহাদাত এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আর কিবরিয়া গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

“বিকালে বুয়েটে শহীদ মিনারের সামনে দুটি হাতবোমা বিস্ফোরিত হয়। এরপর শিক্ষার্থী ও স্থানীয়রা ধাওয়া করে ওই দুইজনকে ধরে ফেলে এবং মারধর করে পুলিশে সোপর্দ করে।”

তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পরিদর্শক ইলিয়াস জানান।

একাধিক প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রদলের ১০-১৫ জন কর্মী মিছিল করে বুয়েটের শহীদ মিনার হয়ে পলাশীর দিকে যাচ্ছিলেন। এ সময় তারা ‘ধর্মঘট’ ‘ধর্মঘট’ স্লোগান দিতে থাকেন এবং দুটি ককটেল ফাটানো হয়।

এ সময় বুয়েটের শিক্ষার্থী ও স্থানীয়রা ধাওয়া করে দুজনকে ধরলেও বাকিরা পালিয়ে যায়।

বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে ঢাকাসহ সারা দেশেই বিচ্ছিন্নভাবে নাশকতা ও বোমাবাজি ঘটছে। নাশকতাকারীদের ধরিয়ে দিতে ইতোমধ্যে সরকারের পাশাপাশি পুলিশ-র্যা ব পুরস্কার ঘোষণা করেছে।