খুলনায় হাতবোমায় আহত বাসচালকসহ ৩
খুলনা শহরের দৌলতপুর স্ট্যান্ডে ঢাকাগামী একটি বাসে অবরোধকারীদের ছোড়া হাতবোমায় চালক ও সুপারভাইজারসহ তিন জন আহত হয়েছেন।
বিরোধী জোটের হরতাল-অবরোধের মধ্যে মঙ্গলবার রাতে ঢাকা-খুলনা রুটে চলাচলকারী সোহাগ পরিবহনের একটি বাসে এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।
দৌলতপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাতবোমার স্প্লিন্টারে আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হলেন- বাসের চালক আজাহার, সুপারভাইজার রাজু ও যাত্রী শেখ মুজিবর রহমান।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, “রাতে যাত্রীদের নিয়ে বাসটি দৌলতপুর স্ট্যান্ডে আসার কিছুক্ষণের মধ্যেই দুষ্কৃতকারীরা একটি হাতবোমা ছোড়ে। এতে চালকসহ ওই তিনজন আহত হন।”
