২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষ পোড়ানোর প্রতিবাদ মুক্তিযোদ্ধাদের

দেশব্যাপী বিএনপি-জামায়াত জোটের হরতাল অবরোধে মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে মাগুরায় সমাবেশ ও নোয়াখালীতে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা।

নোয়াখালী প্রতিনিধি

মাগুরা ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 09:48 PM

Updated : 12 Oct 2022, 03:15 PM

মঙ্গলবার দুপুরে মাগুরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট।

জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোল্লা নবুয়ত আলী জানান, শহরের নোমানী ময়দান শহীদ স্মৃতি স্তম্ভ থেকে মুক্তিযোদ্ধারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। শহর ঘুরে চৌরঙ্গী মোড়ে এসে একটি প্রতিবাদ সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আব্দূল ফাত্তাহ, আবু নাসির বাবলু, হাজী গোলাম মওলা, রোস্তম আলী, ওয়ালিদুজ্জামান, জহুর-ই-আলম, ইকরাম আলী বিশ্বাস, আইয়ুব বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, আন্দোলনের নামে হরতাল-অবরোধ দিয়ে বিএনপি-জামায়াত আগুন দিয়ে মানুষ হত্যা করছে, যা একাত্তরের বর্বরতাকে হার মানিয়েছে।

খালেদা জিয়াসহ যারা এ ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান তারা।

এদিকে, ধ্বংসাত্মক কর্মকাণ্ডে প্রতিবাদে মঙ্গলবার নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারে  মানববন্ধন করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। পরে এ মানববন্ধনে সংহতি প্রকাশ করেন জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, হরতাল অবরোধের নামে একের পর এক যানবাহনে পেট্রোল বোমা নিক্ষেপ ও  মানুষ পুড়িয়ে মারা হচ্ছে। এ সকল নাশকতাকারীদের বিরুদ্ধে এখনই গণপ্রতিরোধ গড়ে তোলা দরকার।

মানববন্ধনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাম্মেল হক মিলন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মমতাজুল করিম বাচ্চু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সেক্রেটারি এমদাদ হোসেন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা মিয়া মো. শাহজাহান বক্তব্য দেন।