সীতাকুণ্ডে পেট্রোল বোমায় দগ্ধ ৩
অবরোধে নাশকতার মধ্যে সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যান লক্ষ্য করে ছোড়া পেট্রোল বোমায় তিনজন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় মহাসড়কের শেখ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
আহতরা হলেন- ঝন্টু পাল, জিল্লুর রহমান ও আনোয়ারুল ইসলাম। এদের প্রথম দুইজন ‘ফ্রেশ’ নামে একটি প্রতিষ্ঠানের বিক্রয় কর্মী ও আনোয়ারুল পিকআপ ভ্যানের চালক।
চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় সীতাকুণ্ড বড় দারোগার হাট থেকে চট্টগ্রাম যাওয়ার পথে শেখপাড়া এলাকায় ফ্রেশের পিক-আপটিতে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে গাড়িতে থাকা তিনজন গুরুতর আহত হয়।
আহতদের দুজনকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে চমেক পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া জানিয়েছেন।
চমেক বার্ন ইউনিটের রেজিস্ট্রার ডা. স্বরূপ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঝন্টু পালের শরীরে ৩০ শতাংশ এবং জিল্লুরের শরীরের ১২ শতাংশ পুড়েছে।
এরপর রাত ১০টার দিকে অগ্নিদগ্ধ আনোয়ারুলকেও বার্ন ইউনিটে ভর্তি করা হয় বলে নায়েক শীলব্রত জানান।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে ছোড়া পেট্রোল বোমায় সাত জন পুড়ে মারা যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সীতাকুণ্ডের ঘটনাটি ঘটল।
এদিকে অবরোধ-হরতালে পেট্রোল বোমা ছুড়ে নাশকতা প্রতিরোধে সীতাকুণ্ডে দুটি পেট্রোল পাম্প কর্তৃপক্ষকে মঙ্গলবার বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়াসহ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
অন্যদিকে অবরোধের মধ্যে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার বাদামতলী মোড়ে যাত্রীবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেওয়া হয়েছে।
