মেঘনায় নিখোঁজ আরও ২ জেলের লাশ উদ্ধার
ভোলার তজুমদ্দিনে মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর আরও দুই জেলের লাশ পাওয়া গেছে।
মঙ্গলবার মেঘনার সোনার চর ও ভাসন ভাঙার চর থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
এরা হলেন তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের দড়িচাঁদপুর গ্রামের জাফরের ছেলে আলাউদ্দিন (১৫) এবং হাজীকান্দি গ্রামের খোকনের ছেলে হাসান (১৮)।
এর আগে সোমবার রিদয় (১২) নামে আরেকজনের লাশ উদ্ধার করেছিল কোস্ট গার্ড।
এই নিয়ে ওই ট্রলারডুবিতে নিখোঁজ ছয় জনের মধ্যে তিন জনের লাশ উদ্ধার করা হলো।
এখনও নিখোঁজ রয়েছেন রাজীব (২৫), শরীফ মাঝি (৪০) ও সিরাজ (১৭)।
ভোলার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, ৫ম দিনের মতো নিখোঁজ জেলেদের উদ্ধারে পুলিশ, কোস্ট গার্ড ও স্থানীয় জেলেরা ১০/১২টি ট্রলার নিয়ে মঙ্গলবার সকাল থেকে উদ্ধার কাজ শুরু করেন।
বেলা সাড়ে ১০টার দিকে মেঘনার সোনার চর থেকে আলাউদ্দিন ও সাড়ে ১১টার দিকে ভাসন ভাঙ্গার চর থেকে হাসানের মৃতদেহ উদ্ধার করা হয়।
গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মেঘনার সোনার চর এলাকায় মাছ শিকারে গিয়ে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবিতে নিখোঁজ হন ভোলার তজুমদ্দিনের ৬ জেলে।
