চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় ভটভটি চালক নিহত
চুয়াডাঙ্গা সদরে বাসের ধাক্কায় এক ভটভটি চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে সরোজগঞ্জ তেতুলিয়া কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ শিমুল (২০) উপজেলার হাতিকাটা গ্রামের আব্দুল খালেকের ছেলে।
সদর থানার ওসি আসাদুজ্জামান মুন্সী জানান, বেলা ১১টার দিকে শিমুল চুয়াডাঙ্গা শহর থেকে আকিজ ফুড ইন্ডাস্ট্রিজের পণ্য নিয়ে সরোজগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথে তেতুলিয়া কলেজের কাছে বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী বাস ভটভটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান ওসি।
