২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র দিলেন কানাডার নতুন দূত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে পরিচয়পত্র পেশ করেছেন কানাডার নতুন হাই কমিশনার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 08:22 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

কানাডার দূত বেনোয়া-পিয়ের লাহামি সোমবার বিকেলে বঙ্গভবনে যান বলে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নতুন হাই কমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি তার সার্বিক সাফল্য কামনা করেন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, নতুন হাই কমিশনারের দায়িত্ব পালনকালে বাংলাদেশ-কানাডার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।”

এ সময় বাংলাদেশে মাতৃ ও শিশু স্বাস্থ্য, শিক্ষা, পল্লী বিদ্যুতায়ন, যোগাযোগ অবকাঠামো এবং সামাজিক উন্নয়ন খাতে কানাডার সহযোগিতার প্রশংসা করেন রাষ্ট্রপতি। তিনি কানাডিয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির (সিডা) কাজের কথাও উল্লেখ করেন।

ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে কানাডার টরন্টোতে ভাস্কর্য স্থাপনের উদ্যোগের জন্য কানাডার পার্লামেন্ট সদস্য ম্যাথিউ কেলওয়েকেও ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। 

নতুন হাই কমিশনার বেনোয়া-পিয়ের লাহামি এ সময় বলেন, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নীত করতে তার দেশের সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি ঢাকার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও মুক্তিযুদ্ধ জাদুঘর ঘুরে দেখেছেন বলেও এ সময় রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তরা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে নতুন হাই কমিশনার বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাকে গার্ড অব অনার দেয়।

বাংলাদেশে আসার আগে বেনোয়া-পিয়ের লাহামি ক্যামেরুনে কানাডার দূত হিসেবে দায়িত্ব পালন করেন।