চট্টগ্রামে নাশকতা রুখতে পেট্রোল পাম্পে অভিযান
অবরোধ ও হরতালে পেট্রোল বোমা ছুড়ে নাশকতা রুখতে চট্টগ্রামে অনুমোদনহীন পেট্রোল পাম্পগুলোতে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
সোমবার চট্টগ্রাম সার্কিট হাউসে ফিলিং স্টেশন মালিক ও খুচরা তেল বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
তিনি বলেন, মঙ্গলবার থেকে অনুমোদনহীন পেট্রোল পাম্প এবং অবৈধভাবে পেট্রোল ও অকটেন বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান শুরু হবে।
“নগরীতে তিনজন এবং প্রতি উপজেলায় একজন করে ম্যাজিস্ট্রেট এ অভিযান চালাবেন।’’
সভায় তেল বিক্রেতাদের নিবন্ধন বই অনুসরণ, খুচরা তেল ক্রেতাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা নেওয়া এবং পাম্পে গোপন ক্যামেরা বসানোর নির্দেশ দেন জেলা প্রশাসক।
সভায় বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শক তোফাজ্জল হোসেন জানান, সরকারি তেল ডিপোগুলোর তেল বিক্রির ওপর মনিটরিং থাকলেও বেসরকারি তেল শোধনাগারগুলোর বিক্রি মনিটরিং হয় না।
বিভিন্ন পেট্রোল পাম্পে বোতলজাত করে তেল বিক্রি বন্ধ করতে অনুরোধ জানান পরিদর্শক তোফাজ্জল।
এসময় পেট্রোল পাম্প মালিকদের পক্ষে বিভিন্ন বাসা বাড়িতে জেনারেটরের জন্য তেল বিক্রি ও মোটরসাইকেল থেকে তেল নেওয়ার বিষয়টি তুলে ধরা হয়।
এবিষয়ে জেলা প্রশাসক বলেন, যেসব বাসা বাড়িতে জেনারেটর ব্যবহার করা হয় তারা তাদের চাহিদা আগে থেকে নির্দিষ্ট থানাকে জানাতে করতে হবে।
এছাড়া মোটরসাইকেল চালকদের পরিচয় নিশ্চিত হয়ে তেল বিক্রি করার নির্দেশ দেন।
সাম্প্রতিক সময়ে পেট্রোল বোমা ছুড়ে নাশকতা বন্ধে করণীয় ঠিক করতে বিভিন্ন পেট্রোল পাম্প মালিকদের সাথে এ সভা করা হয়।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন জানান, নাশকতা রুখতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া কেরানীর হাটে আটটি গোপন ক্যামেরা বসানো হয়েছে।
এছাড়া বিভিন্ন উপজেলার স্পর্শকাতর স্থানগুলোতে তহবিল থেকে গোপন ক্যামেরা বসানোর জন্য নির্বাহী কর্মকতাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সভায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার জানান, মহাসড়কে গোপন ক্যামেরা বসানোর বিষয়টি কিছুদিন বন্ধ থাকলেও পুনরায় তা চালু করা হচ্ছে।
পেট্রোল পাম্প মালিক ও প্রতিনিধিরা ছাড়া বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
