২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পেট্রোল বোমাসহ ‘শিবিরকর্মী’ গ্রেপ্তার

চট্টগ্রাম নগরী থেকে  পেট্রোল বোমাসহ এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি টাকার বিনিময়ে পেট্রোল বোমা ছোড়ার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 07:32 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

সোমবার দুপুরে নগরীর খুলশী থানার ঝাউতলা বিহারী কলোনির একটি বাসা থেকে মোহাম্মদ রুবেলকে (২৪) ধরা হয়।

খুলশী থানার এসআই নুর উদ্দিন  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পেট্রোল বোমা ও দুই বোতল পেট্রোলসহ তাকে গ্রেপ্তার করা হয়।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে শিবিরের রাজনীতির সাথে যুক্ত বলে স্বীকার করেছে।”

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চক্রবর্তী বলেন, “জিজ্ঞাসাবাদে রুবেল বলেছে, শিবিরের কয়েকজন নেতাকর্মী রোববার দুপুরে তার সাথে যোগাযোগ করে পেট্রোল বোমা ও পেট্রোল দিয়ে তা ছোড়ার জন্য বলে।

“সোমবার দুপুরেও শাকিল নামে এক শিবিরকর্মী রুবেলের সাথে দেখা করে এ কাজের জন্য ১০০ টাকা দিয়ে যায়।”

রুবেল এসএসসি পাশ করলেও পরে আর পড়ালেখা করেনি। তার বাবা নাম মো. শহিদুল্লাহ। সে ঝাউতলা বিহারী কলোনির কাজীর বাড়িতে থাকত।

সে স্থানীয় একটি দোকানে কাজ করলেও বর্তমানে ওই এলাকায় প্রাইভেট টিউশনি করে।

পুলিশ কর্মকর্তা সুকান্ত জানান, গ্রেপ্তার যুবক পেট্রোল বোমা সরবরাহকারী এবং এর সাথে যুক্ত চার-পাঁচজনের নাম বলেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে চট্টগ্রামের ফতেয়াবাদে ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় ইসলামী ছাত্র শিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে হাটহাজারী বাস স্ট্যান্ড থেকে হাটহাজারি কলেজ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ওমর ফারুককে (২৪) গ্রেপ্তার করা হয়।

হাটহাজারি থানার ওসি ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওমর ফারুক বাসযোগে শহরে পালিয়ে আসার চেষ্টা করছিল। শহরগামী একটি বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওমর ফারুক সকালে ফতেয়াবাদে ট্রাকে আগুন দেয়ার ঘটনায় জড়িত বলে পুলিশের দাবি।

হাটহাজারি থানার এসআই মো. জসিম উদ্দিন বলেন, সকালে শহর থেকে রাউজানগামী সবজিবোঝাই মিনি ট্রাকের চালককে নামিয়ে গাড়িটিতে আগুন দেয় হরতাল সমর্থকরা।

এসময় হরতালকারীরা পাথর ছুড়ে একটি মিনিবাসের কাঁচ ভাংচুর করে বলেও জানান তিনি।

এতে ঢিলের আঘাতে মিনিবাসে থাকা দুই/তিনজন যাত্রী আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানালেও পুলিশ তা অস্বীকার করেছে।