২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজউকের অনুমোদন পেতে অপেক্ষার সময় কমছে

প্লটের নকশা অনুমোদনসহ রাজউকের বিভিন্ন সেবা পেতে নগরবাসীর অপেক্ষার সময় কমিয়ে আনতে একটি ‘মানদণ্ড’ বেঁধে দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 05:29 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

এখন থেকে রাজউক অনুমোদিত বেসরকারি আবাসিক প্রকল্পের প্লটের নকশা অনুমোদন পাওয়া যাবে ১৫ কার্যদিবসের মধ্যে, যেখানে আগে অনুমোদন পেতে ৩০ দিন লাগত।

এছাড়া জমির নকশা ও বিশেষ প্রকল্পের ছাড়পত্র দেওয়ার মেয়াদ ৪৫ দিন থেকে কমিয়ে ৪০ কর্মদিবস করা হয়েছে।

সোমবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের মধ্যে স্বাক্ষরিত এক সমঝোতা স্মারকে এই সময় নির্ধারণ করা হয়।

আনুষ্ঠানিক ভাষায় এই সমঝোতা স্মারককে বলা হচ্ছে ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মসম্পাদনের দক্ষতা বৃদ্ধি ও সেবার মান উন্নয়নে জবাবদিহিতা নিশ্চিত বিষয়ক কর্মের মানদণ্ড’।

মন্ত্রণালয়ের পক্ষে যুগ্ম-সচিব (প্রশাসন-২) মো. আহসান হাবিব তালুকদার এবং রাজউকের পক্ষে সংস্থার চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন সমঝোতা স্মারকে সই করেন।

পূর্তমন্ত্রী মোশাররফ হোসেন ও সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন।

এই ‘মানদণ্ড’ অনুযায়ী, ব্যক্তি মালিকানাধীন জমি বা প্লটের ক্ষেত্রে ভূমি ব্যবহার ছাড়পত্র দিতে হবে ২৫ কর্মদিবসের মধ্যে; আগে যা ৩০ দিনে হত।

বরাদ্দ গ্রহীতার মৃত্যু হলে সংশোধিত বরাদ্দপত্র অনুমোদনের সময় ২৫ দিন থেকে কমিয়ে ১৫ কার্যদিবস নির্ধারণ করা হয়েছে।

এছাড়া আম-মোক্তার অনুমোদনের সময় ২৫ কর্মদিবস থেকে কমিয়ে ২০ দিন; প্লট বা ফ্ল্যাটের জামানত ফেরতের সময় আট দিন থেকে কমিয়ে পাঁচ কার্যদিবস করা হয়েছে।

ঝিলমিল আবাসিক প্রকল্পের ৪০০ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ কাজের সময় ১৮ মাস থেকে কমিয়ে ১৫ মাস ঠিক করা হয়েছে এই মানদণ্ডে।

রাজউক কর্মচারীদের অবসর প্রস্তুতি ছুটি, ছুটি নগদায়ন, ভবিষ্যৎ তহবিল নগদায়নের কাজ ১০ দিন এবং পেনশন মঞ্জুরির মেয়াদ ২৫ দিন ঠিক করা হয়েছে। আগে এই মেয়াদ ছিল ৯০ দিন।

সমঝোতা স্মারক অনুযায়ী, রাজউকের কাজের মানদণ্ডের বিষয়ে মন্ত্রণালয় নিয়মিত নজরদারি ও মূল্যায়ন করবে। এ বিষয়ে সরকারের কাছে প্রতিবেদনও দেওয়া হবে।