ঢাকায় আদালতপাড়ায় হাতবোমা বিস্ফোরণ
বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালের মধ্যে পুরান ঢাকায় আদালত পাড়ায় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার দুপুরের এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে সূত্রাপুর থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, “দুপুর ১২টার দিকে আদালতের পাশে জনসন রোডে ন্যাশনাল মেডিকেল কলেজের সামনের রাস্তায় ৪/৫টি হাতবোমার বিস্ফোরণ হয়।”
ঢাকা জেলা জজ আদালতের পুরনো ভবনের তিনতলা থেকে ঘটনার প্রত্যক্ষদর্শী আইনজীবী রোকনুজ্জামান প্রিন্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকজন যুবক একসঙ্গে বেশ কয়েকটি হাতবোমা ফাটিয়ে চলে যায়।
এতে ঘটনাস্থলে থাকা কার্টনবোঝাই একটি ভ্যান উল্টে যায়।
গত ৫ জানুয়ারি থেকে বিএনপি জোটের লাগাতার অবরোধ ও কয়েক দফার হরতালে বিক্ষিপ্ত ভাবে গাড়ি পোড়ানোর পাশাপাশি বোমাবাজি ঘটছে।
অবরোধের মধ্যে দুদিন আগেই আদালত পাড়ায় একটি বাস পোড়ানো হয়।
