২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উল্লাপাড়ায় গুলিবিদ্ধ জামায়াত নেতার মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশি অভিযানের সময় গুলিতে আহত জামায়াতে ইসলামীর নেতা সাইদুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 10:39 AM

Updated : 22 Aug 2022, 11:37 AM

সোমবার ভোরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে সাইদুরের মৃত্যু হয় বলে উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

সাইদুর (৫৫) উল্লাপাড়া সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ছিলেন।

রোববার বিকালে উপজেলার বাকুয়া গ্রামে অভিযানে যাওয়া পুলিশের ওপর হামলার পর হরতাল সমর্থকদের সঙ্গে সংঘর্ষে

চার পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়। ঘটনাস্থল থেকে তাজা হাতবোমাসহ গুলিবিদ্ধ অবস্থায় সাইদুরকে গ্রেপ্তার করা হয়।

সাইদুরের মৃত্যুতে বুধবার জেলায় হরতালসহ তিন দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। লাগাতার অবরোধের মধ্যে বিএনপি-জামায়াত জোটের হরতাল চলছে মঙ্গলবার পর্যন্ত। সিরাজগঞ্জে এরপরদিনও হরতাল ডাকল জামায়াত।  

সিরাজগঞ্জ পৌর জামায়াতের আমির শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, “পুলিশের গুলিতে দলীয় নেতা নিহতের প্রতিবাদে মঙ্গলবার জেলায় বিক্ষোভ, বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ও বৃহস্পতিবার দোয়া মাহফিল হবে।”

সাইদুরের বিরুদ্ধে নাশকতা, পুলিশের কাজে বাধা দেওয়া ও সহিংসতার অভিযোগে ১১টি মামলা রয়েছে বলে ওসি তাজুল জানান।

পুরনো খবর:

পুলিশের উপর বোমা, গুলিবিদ্ধ জামায়াত নেতা গ্রেপ্তার