২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অটোরিকশাসহ ছিনতাইকারী গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর থেকে ছিনতাই করা অটোরিকশাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2015, 06:21 PM

Updated : 25 Apr 2022, 12:57 PM

শ্রীপুর থানার এসআই মো. আব্দুল মজিদ জানান, শনিবার রাতে উপজেলার দরগারচালা বাজার এলাকা থেকে রাসেলকে (২২)  গ্রেপ্তার করা হয়। রাসেল শ্রীপুর পৌরসভার উজিলাবহ গ্রামের আইন উদ্দিনের ছেলে।

এসআই মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাসেল মাওনা-চৌরাস্তা এলাকা থেকে শ্রীপুর উপজেলা সদরে যাওয়ার জন্য শনিবার সন্ধ্যার দিকে একটি অটোরিকশা ভাড়া নেন। পরে চালক হাফিজুর রহমানসহ শ্রীপুরের সাতখামাইর এলাকায় যান তিনি।

সেখান থেকে অটোরিকশাসহ স্থানীয় নয়নপুর এলাকায় যাওয়ার পথে রাত ১০টার দিকে বরমী-নয়নপুর সড়কের একটি ব্রিজের কাছে একটি মোটরসাইকেল করে তিন যুবক গাড়িটির গতিরোধ করে।

পরে মোটরসাইকেলে আসা তিন সহযোগীসহ রাসেল চালক হাফিজের হাত-পাঁ বেঁধে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর হাফিজের ডাক-চিৎকার শুনে এলাকাবাসী এসে তাকে মুক্ত করে।

এর কিছুক্ষণ পরেই স্থানীয় দরগারচালা বাজার থেকে অটোরিকশাসহ রাসেলকে আটক করে পুলিশে দেয় জনতা। এ সময় তার অন্য সহযোগীরা পালিয়ে যায় বলে জানান পুলিশ সদস্য মজিদ।