দাফনের আগে নড়ে উঠলো ‘মৃত’ শিশু
এক নবজাতকতে মৃত ঘোষণার পর দাফনের আগে গোসলের সময় নড়ে ওঠার ঘটনা ঘটেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
‘প্রাণ ফিরে পাওয়া’ শিশুটিকে ভেন্টিলেটরের মাধ্যমে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে রাখা হয়েছে।
নবজাতকের বাবা জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাতে তার স্ত্রী সুলতানা আক্তারের (২৮) প্রসব ব্যথা উঠলে তিনি তাকে গাইনি ইউনিট-২ এ ভর্তি করেন। তার স্ত্রী সাত মাসের অন্তঃস্বত্তা ছিল।
তিনি বলেন, ভর্তি হওয়ার কিছুক্ষণ পরই তার স্ত্রী পুত্র সন্তান প্রসব করে। তবে বাচ্চা এতই ছোট ছিল যে তাকে কোলেও নেওয়া যাচ্ছিল না।
শনিবার সকালে বাচ্চার সাড়া না পেয়ে বিষয়টি চিকিৎসককে অবহিত করেন জাহাঙ্গীরের মা হনুফা বেগম। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে দেওয়া হয় মৃত্যু সনদ।
দুপুরে দাফনের জন্য আজিমপুর করবস্থানে নিয়ে গেলে সেখানে গোসলের সময় নড়ে উঠে ‘মৃত’ শিশুটি।
জাহাঙ্গীর বলেন, “গোলসের সময় বাচ্চাটি আমার স্ত্রীর ভগ্নিপতি মাহমুদুল করিমের কোলে ছিল। তিনি হঠাৎ চিৎকার করে বলতে থাকেন- বাচ্চা নড়ছে। এ অবস্থায় আমরা দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই।”
এদিকে মৃত বাচ্চা প্রাণ ফিরে পাওয়ার খবর হাসপাতালে ছড়িয়ে পড়লে রোগী ও রোগীর স্বজনদের অনেকেই সেখানে ভিড় করতে থাকেন।
এ বিষয়ে গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ফেরদৌসী ইসলাম সাংবাদিকদের বলেন, শুক্রবার রাত ১০টার দিকে পেটে ছয় মাসের বাচ্চা নিয়ে সুলতানা আক্তার হাসপাতালে ভর্তি হন। ভর্তির দুই ঘণ্টা পর স্বাভাবিকভাবেই বাচ্চা প্রসব করেন সুলতানা।
তিনি জানান, শিশুটি ‘প্রিম্যাচিউরড’ হওয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর শ্বাসকষ্টের সঙ্গে হৃদস্পন্দনও কম ছিল।
‘প্রাণ ফিরে পাওয়া’ শিশুটিকে বর্তমানে ২১১ নম্বর ওয়ার্ডে ভেন্টিলেটরের মাধ্যমে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে রাখা হয়েছে বলেও জানান ফেরদৌসী।
ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে হাসপাতাল পরিচালক মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, “এ ঘটনায় হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক এবিএম জামালকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।”
কমিটিকে পাঁচ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে বলেও জানান তিনি।
কমিটির অন্য সদস্যরা হলেন, মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক সুদীপ্ত রঞ্জন দে, গাইনি বিভাগের আবাসিক চিসিৎসক চৌধুরী তাসলিমা নাসরিন ও হাসপাতালের উপ-পরিচালক এএসএম শহীদুল্লাহ।
মোস্তাফিজুর রহমান বলেন, “ওই শিশুর ডেথ সার্টিফিকেট লেখার ঘটনা খুবই দুঃখজনক। এভাবে ডেথ সার্টিফিকেট দেওয়া ঠিক হয়নি।”
জাহাঙ্গীর বলেন, তিনি কেরানীগঞ্জে একটি ওয়ার্কশপে কাজ করেন। থাকেন চুনকুটিয়ায়। জেরিন নামে তিন বছরের একটি মেয়ে রয়েছে তার। গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজংয়ে।
