লালমনিরহাটে বিএনপির ৪ নেতাকর্মী আটক
অবরোধের সমর্থনে মিছিলে চেষ্টার সময় লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিএনপির চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকালে লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে তারা আটক হন।
এরা হলেন- আদিতমারী উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিয়া (৩৩), উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলীর ভাইপো উপজেলা ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক ওয়ালিউর রহমান (২২), ভেলাবাড়ি এলাকার শাহ আলমের ছেলে ছাত্রদল কর্মী শফিকুল ইসলাম (১৫) ও ভাদাই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক (৪৪)।
আদিতমারী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সোবহান জানান, পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে মিছিলের চেষ্টার সময় বিএনপি ও সহযোগী সংগঠনের ওই চার নেতাকর্মীকে আটক করা হয়।
