রাজধানীতে বাসে আগুন
বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধের মধ্যে সরকারি ছুটির দিন শুক্রবার সকালে রাজধানীর তাঁতীবাজারে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।
সকাল সাড়ে ৮টার দিকে সদরঘাট থেকে আব্দুল্লাহপুর রুটে চলাচলকারী ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয় বলে বংশাল থানার ওসি আব্দুল কুদ্দুস ফকির জানান।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় বলে বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান।
ততোক্ষণে আগুনে বাসটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
বাসের চালক বাশার শেখ বলেন, ১২ থেকে ১৪ জন যাত্রী নিয়ে সদরঘাট থেকে যাত্রা করেন তিনি। গুলিস্তানের দিকে এগোলে ইংলিশ রোডে পৌঁছানোর পর তাতে আগুন দেওয়া হয়। আগুন লাগার পর যাত্রীরা জানালা দিয়ে লাফিয়ে নেমে যান।
দুর্বৃত্তরা যাত্রীবেশে বাসে উঠে আগুন দিয়েছে বলে ধারণা করছেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৫ জানুয়ারি কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সারা দেশে লাগাতার অবরোধ ডাকার পর প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটছে।
অবরোধের এই ২৪ দিনে নাশকতা ও সহিংসতায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। যানবাহনে দেওয়া আগুন ও পেট্রোল বোমায় দগ্ধ হয়েছে বহু মানুষ।
এর মধ্যে দুটি ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলাও হয়েছে, যিনি অবরোধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন।
অন্যদিকে ‘যে কোনো উপায়ে’ নাশকতা দমনের জন্য পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
