রাসিকের প্যানেল মেয়র গ্রেপ্তার
হরতাল-অবরোধে নাশকতায় মদদ দেওয়ার অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আনোয়ারুল আলম আজবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে নগরীর বাটার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আনোয়ারুল আলম আজব মহানগর বিএনপির সহ-সভাপতি।
মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, দুপুর ২টার দিকে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজা থেকে ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, হরতাল-অবরোধে নাশকতা চালানোর জন্য কর্মীদের মদদ দেওয়ার অভিযোগে বিএনপির এই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
আনোয়ারুল পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তবে, ওই মামলায় তিনি জামিনে রয়েছেন।
