শোক জানিয়ে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি
সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক জানিয়ে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বিকালে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল বিমানবন্দরে নামেন রাষ্ট্রপতি।
বাদশাহ আবদুল্লাহর মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে শোক এবং রাজপরিবারের প্রতি সমবেদনা জানাতে শনিবার সৌদি আরব যান আবদুল হামিদ।
বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ছাড়াও কূটনীতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক ও পররাষ্ট্র সচিব।
বাদশাহ আবদুল্লাহ চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে মারা যান। তার মৃত্যুতে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হয়।
