জমি নিয়ে বাবা-চাচার দ্বন্দ্বে প্রাণ গেল তরুণীর
নোয়াখালীর সোনাইমুড়িতে জমি নিয়ে বাবা-চাচার দ্বন্দ্বের জেরে লাঠির আঘাতে এক তরুণী নিহত হয়েছেন।
নিহত নূপুর বেগম (২৫) দেওটি ইউনিয়নের পালপাড়া গ্রামের আবদুল বারেকের মেয়ে।
সোনাইমুড়ি থানার ওসি আশরাফ উল ইসলাম জানান, শনিবার দুপুরে চাচা সোবহান মিয়া ও তার ছেলে তারেক লাঠি দিয়ে পিটিয়ে নূপুরকে আহত করে। মাথায় আঘাতপ্রাপ্ত নূপুরকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ভোররাতে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, নিহত নূপুরের বাবা বারেকের সঙ্গে তার চাচা সোবহানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে সোবহান তার ছেলে তারেককে নিয়ে বারেকের জমিতে ধানের চারা লাগাতে যান। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে সোবহান ও তারেক লাঠি দিয়ে নূপুরের মাথায় আঘাত করেন।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার নেওয়ার পথে ভোররাতে তার মৃত্যু হয়।
