২২ বছরের সংগ্রামের ফসল আধা ঘণ্টায় ছাই
বাইশ বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে তিনমাস আগে দেশে ফিরে সারাজীবনের পুঁজি দিয়ে একটি ট্রাক কিনেছিলেন আবদুল মান্নান; অবরোধের আগুনে আধা ঘণ্টায় পুড়ে শেষ হল তার জীবিকার সেই অবলম্বন।
সংসার চালাতে এখন আবার সেই বিদেশ জীবনের কথাই ভাবছেন নাটোরের এই বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাতে কুলভর্তি ট্রাকটি লালপুর-বনপাড়া সড়ক হয়ে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। রাত ১১টায় লালপুর উপজেলার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির পাশের মোড়ে সাত-আট জন দুর্বৃত্ত গাছের গুড়ি ফেলে ট্রাকটি থামিয়ে দেয়।
এরপর দুই দিক থেকে চারটি পেট্রোল বোমা ছুড়ে মারলে দাউ দাউ করে জ্বলে ওঠে ওই ট্রাক। ৩০-৩৫ মিনিটের মধ্যে ট্রাকটি পুড়ে যাওয়ার পর ফাঁড়ির পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসেন। ট্রাক থেকে নামার সময় চালক লিটন হোসেন ও কুলের মালিক ওসমান আলী আহত হন।
লিটন বলেন, “গাছের ওপর দিয়েই ট্রাকটি চালানোর চেষ্টা করছিলাম। কিন্তু টুপি-মাফলার পরা তিন-চার যুবক দুই দিক থেকে চারটি পেট্রোল বোমা ছুড়ে মারলে জীবন বাঁচাতে আমরা ট্রাক থেকে নেমে পালাই।”
ট্রাক মালিক মান্নান বলেন, ২২ বছর সৌদি আরবে ট্রাক চালিয়েছেন। তিন মাস আগে দেশে আসেন।
“নিজে একটা ট্রাকের মালিক হওয়ার স্বপ্ন থেকে তিন মাস আগে ৩৬ লাখ টাকায় ট্রাকটা কিনেছিলাম। কিন্তু সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল। এতদিনের কষ্টের সব টাকা বিফলে গেল।”
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “সরকারের নিরাপত্তার আশ্বাসে রাস্তায় ট্রাক নামাইছিলাম। কিন্তু নিরাপত্তা কই? পুলিশ ফাঁড়ির সামনেই ওরা ট্রাকটি পোড়াইল, অথচ তারা কিছুই করতে পারল না।”
লালপুর থানার ওসি আব্দুল হাই তালুকদার বলেন, জামায়াতের স্থানীয় আট-নয়জন ক্যাডার ট্রাকটি পুড়িয়ে দিয়েছে।
“এ ঘটনায় মামলা হয়েছে। এর সঙ্গে জড়িত কাউকেই ছাড়া হবে না।”
