হবিগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১
হবিগঞ্জ সদর উপজেলায় জমি নিয়ে দু্ই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।
নিহত ফিরোজ আলী সদর উপজেলার উচাইল শংকর পাশা গ্রামের বাসিন্দা।
হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকালে উপজেলার উচাইল শংকর পাশা গ্রামে এ সংঘর্ষ হয়।
গুরুতর আহত হান্নান মিয়া (২২), শাকিল মিয়া (১২), আওয়াল মিয়া (২০), সজিব মিয়া (৩৫), ইলিয়াস মিয়া (৩৫) ও সাইফুল মিয়াকে (২৮) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে সামাল মিয়া নামে এক যুবককে আটক করা হয়েছে।
স্থানীয়দের উদ্ধৃত করে ওসি বলেন, উচাইল শংকর পাশা গ্রামের ফিরোজ আলী ও বাছির মিয়ার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে শনিবার সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই ফিরোজ আলী মারা যান।
