২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনে দগ্ধ ৪০ জন

বিএনপিসহ বিরোধী জোটের অবরোধের মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় পেট্রোল বোমায় প্রতিদিনই আক্রান্ত হচ্ছে যানবাহন, পুড়ছে মানুষ। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও দেশের বিভিন্ন জায়গায় পেট্রোল বোমা সহিংসতার শিকার হয়েছেন অন্তত ৪০ জন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2015, 02:16 AM

Updated : 12 Oct 2022, 03:12 PM

পুরনো খবর:

দগ্ধ আরো দুজনের মৃত্যু
বগুড়ায় ট্রাকে পেট্রোল বোমা হামলায় দগ্ধ ২
রাজশাহীতে ২ বাসে পেট্রোল বোমা, দগ্ধ ৯

এছাড়া আগের ঘটনায় আক্রান্ত এমন দুই জনের মৃত্যু হয়েছে এদিন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, আগের রাতে বগুড়ায় পেট্রোল বোমায় দগ্ধ ট্রাক চালকের সহকারী আব্দুর রহিম শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আর শুক্রবার রাত ১১টার দিকে তেঁতলি বদিকোনা এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে একটি ট্রাকে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়লে দগ্ধ চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়।

এতে নিহত হন অটোরিকশা চালক শাজাহান উদ্দিন (৩০)। তিনি তেঁতলি আহমদপুর গ্রামের বাসিন্দা।

এদিকে শুক্রবার রাতে রাজধানী যাত্রাবাড়ী থানার মোল্লার ব্রিজ এলাকায় একটি বাসে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়লে দগ্ধ হন ২৭ জন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 

যাত্রবাড়ী থানার এসআই ইমরানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গ্লোরি পরিবহনের একটি বাস গুলিস্তান থেকে ডেমরা রোড দিয়ে নারায়গঞ্জের রূপগঞ্জে যাওয়ার পথে মোল্লার ব্রিজ এলাকায় পেট্রোল বোমা ছুড়ে দুর্বৃত্তরা। এতে পুরো বাসে আগুন ধরে গেলে যাত্রীদের অধিকাংশই দগ্ধ হয়।  

বার্ন ইউনিটের সমন্বয়কারী ড. সামন্তলাল সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দগ্ধদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক।”

তবে আহতদের মধ্যে কার শরীর কতটুকু পুড়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এরা হলেন- জয়নাল আবেদিন মোল্লা (৩০), সালাহউদ্দিন পলাশ (৪০), শহিদ (৩০), তাকদির ইসলাম (২৮), সালমান (২০), নাজমুল (২৫), মোশাররফ হোসেন (৪০), সালাহউদ্দিন (৪০), সহিদা (২৬), ইয়াসির আরাফাত (২৫), রাশেদ (২২), মোমেন (২৮), খোকন (২৫), হারিস (২৫) , নুরে আলম (৩০), সুমন, ফারুক, রুবেল, শাহজাহান সর্দার (৬০), মোজাফ্ফর মোল্লা, জমির আলী (৪০), তানভির (২০), আবু মিয়া (৫০), আলামিন (২৫), শহীদুল (৪৫), জাভেদ (৪০) ও আব্দুল মান্নান (৬০)।

এছাড়া দগ্ধ না হলেও আফরোজা (৩০) ও ইশতিয়াক মোহাম্মদ বাবর (৩২) নামে আহত দুজনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজশাহী প্রতিনিধি জানান, শুক্রবার সন্ধ্যায় রাজশাহীর পবা ও তানোর উপজেলায় দুইটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় নারী ও শিশুসহ অন্তত নয় জন দগ্ধ হয়েছেন।

তানোর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, উপজেলা সদর থেকে প্রায় এক কিলোমিটার দুরে তানোর-রাজশাহী সড়কের ব্র্যাক অফিসের সামনে শিবিরকর্মীরা ‘ইয়া-রব্বি’ পরিবহনে পেট্রোল বোমা ছোড়ে।

এতে বাসে আগুন ধরে যায় এবং নারী ও শিশুসহ অন্তত নয় জন দগ্ধ হয়। এছাড়া বাস থেকে নামতে গিয়ে আরও অন্তত ৫/৬ জন আহত হন।

পবা থানার ওসি মতিহার রহমান জানান, উপজেলার তেঘরি এলাকায় তানোর থেকে রাজশাহীগামী বাস ‘ইমন পরিবহনে’ পেট্রোল বোমা ছোড়ে শিবিরকর্মীরা।

এ সময় বাস থেকে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হয়। তাদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হামলাকারী সন্দেহে ঘটনাস্থল থেকে পবা উপজেলা ছাত্রশিবির সভাপতিসহ দুজনকে ধরে পিটুনির পর পুলিশে দিয়েছে জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বগুড়া প্রতিনিধি জানান, শুক্রবার রাতে বগুড়া শহরের চারমাথা এলাকায় একটি ট্রাকের দিকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় চালকসহ দুইজন দগ্ধ হয়েছেন।

আহতরা হলেন- চালক মাসুদ (৩৫) ও তার সহকারী জাহাঙ্গীর (৩০)। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সোয়া ৮টার দিকে একটি খালি ট্রাক গাবতলী উপজেলার সৈয়দ আহম্মেদ স্টেশন থেকে চারমাথা হয়ে কাহালু যাচ্ছিল।

চারমাথায় আসার পরপর দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে মারলে তারা দুজন দগ্ধ হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নোয়াখালী প্রতিনিধি জানান, শুক্রবার রাত ১০টার দিকে নোয়াখালীর চাটখিল উপজেলার হালিমা দিঘির পাড়ে দুর্বৃত্তরা একটি চলন্ত ট্রাকে পেট্রোল বোমা ছুড়লে চালক ও সহকারী দগ্ধ হন।

চালক নূরনবী (২৫) ও চালকের সহকারী জাসেদ (২২) নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চাটখিল থানার ওসি মো. নাসিম উদ্দিন জানান, একটি পণ্যবাহী ট্রাক চাঁদপুরের হাজিগঞ্জ থেকে চাটখিল-সোনাইমুড়ি সড়ক দিয়ে যাওয়ার সময় দিঘির পাড়ে দুর্বৃত্তরা ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করলে ট্রাকটি সড়কের পাশে খালে মধ্যে পড়ে যায়।

দগ্ধ অবস্থায় দুজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে তাদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খলিলুর রহমান জানান দগ্ধদের মধ্যে ট্রাকের চালক মো. নূর নবীর অবস্থা গুরুতর।

চাটখিল থানার ওসি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি পেট্রোল বোমা উদ্ধার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মৌলভীবাজারের প্রতিনিধি জানান, শুক্রবার রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ভৈরববাজার এলাকায় ঢাকা- সিলেট সড়কে  ঢাকামুখী একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপে চালকের সহকারী দগ্ধ হয়েছেন।

আহত সাজউদ্দিন সাজুকে (৫০) মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মুখমণ্ডল ঝলসে গেছে।

শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) জালালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চারজন পুলিশ সদস্যের পাহারায় ট্রাকটি মৌলভীবাজার পুলিশ লাইনস থেকে ঢাকার বিজি প্রেসের উদ্দেশ্যে যাচ্ছিল।

রাত সাড়ে ১১টার দিকে ভৈরববাজার পার হওয়ার সময় দুর্বৃত্তরা ট্রাকে একটি পেট্রোল বোমা ছুড়ে মারে। সেটি ট্রাকচালকের বাঁ পাশে বসা তার সহকারী সাজুর মুখে লাগে। তার গাল ও মুখমণ্ডল ঝলসে যায়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি সারা দেশে লাগাতার অবরোধ ডাকার পর প্রতিদিনই গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমাবাজির ঘটনা ঘটছে।

এসব ঘটনায় এরই মধ্যে ৫ জানুয়ারি থেকে অবরোধে নাশকতা ও সহিংসতায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।