পাউরুটির ভেতর বিস্ফোরক, গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জে পাউরুটির ভেতরে বিস্ফোরক দ্রব্য বহনের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার বিকালে শহরের চাষাঢ়া এলাকায় থেকে ৪০০ গ্রাম বিস্ফোরকসহ গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
এরা হলেন, ফরিদপুরের আবুল হাশেমের ছেলে আবু সাঈদ (২০) ও মাদারীপুরের সৈয়দ ফরহাদ হোসেনের ছেলে সৈয়দ আব্দুল হাউল (২৫)।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশিদ মন্ডল জানান, বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে আসা উৎসব পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় দু জনের সঙ্গে থাকা পাউরুটির ভেতরে ৪০০ গ্রাম বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়।
নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার মো. আজিম উল আহসান জানান, পাউরুটির ভেতর সাদা সালফার ও লাল রঙের পটাশিয়াম মিশ্রিত বিস্ফোরক রয়েছে যা, হাতবোমা তৈরির কাজে ব্যবহার করা হয়ে থাকে।
