‘১৫ জন থেকে ১৫ লাখ’
মাত্র ১৫ জন দিয়ে পথ চলা শুরু করে বিশ্বসাহিত্য কেন্দ্র আজ ১৫ লাখ সভ্যের পরিবারে রূপান্তরিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
শুক্রবার দেশভিত্তিক বই পড়া কার্যক্রমের আওতায় চট্টগ্রাম মহানগরীর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
“শুরু করেছিলাম ১৫ জন দিয়ে। আজ পরিণত হয়েছি ১৫ লাখ সভ্যের পরিবারে। আমরাই পারব ১৫ কোটি পাঠক তৈরি করতে।
“২৫ বছর আগে একটি লেখায় বলেছিলাম বিশ্বসাহিত্য কেন্দ্রই হবে গোটা বাংলাদেশ। এখন সেই মাইলফলক অর্জন করতে আর বেশিদিন লাগবে না।”
অভিভাবকদের উদ্দেশ্যে আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, বেশি নম্বরের জন্য সন্তানদের শিক্ষা নয়, সন্তানদের মানুষ হওয়ার স্বপ্ন দেখার সুযোগ করে দিন।
“সারা পৃথিবীর মানুষ শুধু টাকার পেছনে ছুটছে। টাকা দিয়ে সব পাওয়া যায় কিন্তু বই পড়ার মধ্যে যে আনন্দ, কবিতা পাঠের মধ্যে যে আনন্দ, সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে অন্তহীন নীল দিগন্ত দেখার মধ্যে যে আনন্দ সেটা কখনো টাকা দিয়ে পাওয়া যায় না”, বলেন তিনি।
অধ্যাপক আবু সায়ীদ বলেন, প্রকৃতিকে অনুধাবন করতে যে বোধশক্তি সেটা টাকা দিয়ে নয় বই দিয়েই কেবল অর্জন করা যায়। আর সেটা অর্জন করলেই আলোকিত মানুষ হওয়া সম্ভব।
এসময় তিনি শিক্ষার্থীদের ’না’ নয় সব অজেয়কে জয় করতে ‘হ্যাঁ’ বলার জন্য উদ্বুদ্ধ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা মামুনুর রশিদ এবং চিকিৎসক-বিতার্কিক আবদুর নুর তুষার।
মামুনুর রশিদ বলেন, শিক্ষার্থীরা যা বই থেকে শিখছে তা বিশ্বাস করতে চাইছে না।
এটাকে বর্তমান পৃথিবীর একটি অদ্ভূত ঘটনা অভিহিত করে মামুনুর রশিদ বলেন, বিশ্বাস করতে চাইছে না কারণ বই থেকে অর্জিত জ্ঞান শিক্ষার্থীরা বাস্তবে কাজে লাগাতে পারছে না।
বইয়ের শিক্ষা আর বাস্তবতার সাথে এই অসাদৃশ্যের জন্য প্রচলিত শিক্ষাব্যবস্থা ও শিক্ষকদের দায়ী করেন মামুনুর রশিদ।
তিনি বলেন, “পেট্রল বোমায় ঝলসে যাওয়া বাংলাদেশ নয়, জ্ঞানের আলোয় উদ্ভাসিত বাংলাদেশ চাই। আর সেটা সম্ভব যদি নিজেদের আলোকিত করার পাশাপাশি অন্যদের আলোকিত করার দায়িত্ব তোমরা নাও।”
চট্টগ্রামের ৭৩টি স্কুল থেকে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী বই পড়া কর্মসূচিতে অংশ নেয়। তাদের মধ্যে মূল্যায়ন পরীক্ষায় কৃতিত্বের পরিচয় দেওয়া ৪ হাজার ৫৯৬ জনকে দুই পর্বে পুরস্কার প্রদান করে বিশ্বসাহিত্য কেন্দ্র।
চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর কর্মসুচি সংগঠক আলেক্স আলিম।
বক্তব্য রাখেন বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক ও সিনিয়র সহকারী সচিব শরিফ মো. মাসুদ, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ-পরিচালক আজিজ উদ্দিন ও চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক এইচ এম ফজলুল কাদের।
