নোয়াখালীত ৫ শিবির নেতাকর্মী গ্রেপ্তার, শনিবার হরতাল
নোয়াখালী জেলার কাদির হানিফ ইউনয়ন থেকে শহর শিবির সভাপতি গিয়াস কামাল সাজুসহ পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে দুটি এলজি, পাঁচটি পেট্রোল বোমা, ছয়টি হাতবোমা ও বিপুল পরিমাণ বই, পোস্টার, লিফলেট ও ব্যানার উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার দুপুরে সুধারাম থানায় এক প্রেস বিফিংয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামন জানান, সকালে কৃষ্ণরামপুর গ্রামের একটি মেসে ‘গোপন বৈঠক’ করার সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
নোয়াখালী শহর শিবিরের সভাপতি গিয়াস ছাড়া গ্রেপ্তার অন্যরা হলেন- জেলা শাখার প্রচার সম্পাদক মো. আহসান উল্লাহ, দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন এবং সদস্য মো. শামীম ইউসুফ ও ইমতিয়াজ আহম্মেদ বুলবুল।
“এ সময় সেখানে বৈঠকরত পাঁচজনক আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মেসের একটি ঘর থেকে অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়।”
এদিকে নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে নোয়াখালীতে শনিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী ছাত্র শিবির।
শিবিরের জেলা শাখার সভাপতি মো. মায়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইসলামী ছাত্রশিবিরের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য পুলিশ নাটক সাজিয়েছে।”
