নিজ ঘরের বাঙ্কারে ‘ডাকাত সর্দার’
বরিশালে নিজের বসতঘরের গোপন বাঙ্কার থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যাকে আন্তঃজেলা ডাকাত বলে দাবি করছে পুলিশ।
শুক্রবার নগরীর ধান গবেষণা এলাকা থেকে খলিলুর রহমানকে (৫০) গ্রেপ্তার করা হয়।
বরিশালের পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্ল্যাহ জানান, খলিলের বিরুদ্ধে বরিশাল মহানগর, পটুয়াখালীসহ বিভিন্ন থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে।
তাকে বাকেরগঞ্জের একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এসপি এহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৪ নভেম্বর রাতে বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ বাদলপাড়া গ্রামে অবসরপ্রাপ্ত কনস্টেবল আব্দুল খালেক সিকদারের বাড়িতে ডাকাতি হয়েছে।
এ ঘটনায় পরদিন ওই পুলিশ সদস্যের স্ত্রী উম্মে ইয়াসমিন বাকেরগঞ্জ থানায় একটি মামলা করেন। পরে এ মামলায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
খলিল নিজ বাড়িতেই অবস্থান করছে নিশ্চিত হয়ে সকালে পুলিশ সেখানে অভিযান চালায়।
কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে খলিল খাটের নিচের বাঙ্কারে লুকিয়ে থাকে। পরে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
