ঝিকরগাছায় আওয়ামী লীগ কর্মী খুন
যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারনে আওয়ামী লীগের এক কর্মীকে গলা কেটে হত্যা করা হয়েছে।
নিহত হুমায়ুন আলী (৪০) কুন্দিপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে তার চাচাতো ভাই নাভারন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বুলি জানান।
ঝিকরগাছা থানার ওসি মামুনুর রশিদ জানান, শুক্রবার সকালে ঝিকরগাছার বায়শা ও আশিংড়ি গ্রামের মাঝে তালশারি এলাকা থেকে হুমায়ুনের লাশ উদ্ধার হয়।
“নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।”
রাতের কোনো এক সময় হুমায়ুনকে জবাই করে লাশ সেখানে ফেলে রাখা হয় বলে পুলিশের ধারণা।
ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রফিকুল বলেন, “হুমায়ুন রাতে বাড়ি না ফেরায় আনেক খোঁজাখুঁজি করা হয়। ভোরে লাশ দেখে স্থানীয়রা খবর দিলে আমরা গিয়ে সনাক্ত করি। রাজনৈতিক উদ্দ্যেশ্যে তাকে হত্যা করা হতে পারে।”
লাশ ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনায় ঝিকরগাছা থানায় একটি মামলা হয়েছে।
