মেঘনায় যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড
চাঁদপুরের মতলবে মেঘনা নদীতে সদরঘাটগামী একটি যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড ঘটেছে।
ফাইল ছবি
অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. মনির হোসেন জানান, রাত সাড়ে ৯টায় চাঁদপুর ঘাট থেকে লঞ্চটি প্রায় ৫শ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়।
মতলব উত্তররের মোহনপুর এলাকায় দিয়ে মেঘনা নদী অতিক্রমকালে হঠাৎ লঞ্চের দ্বিতীয় তলায় একটি কেবিনে আগুন ধরে যায়। এ সময় লঞ্চের লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
লঞ্চটির চালকের বরাত দিয়ে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. হাবিবুর রহমান বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে লঞ্চের দ্বিতীয় তলার কেবিনে হঠাৎ আগুন ধরে যায়। বর্তমানে লঞ্চটি মোহনপুর এলাকায় মেঘনা নদীতে অবস্থান করছে।
