নড়াইলে সপ্তাহব্যাপী সুলতান মেলা শুরু
বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯০ তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে শুরু হয়েছে সপ্তাহব্যাপী সুলতান মেলা।
বৃস্পতিবার বিকালে সরকারি ভিক্টোরিয়া কলেজের ‘সুলতান মঞ্চ’ চত্বরে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।
সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু জানান, শিল্পীর জন্মদিন ১০ অগাস্ট হলেও বর্ষার কারণে ২০০৩ সাল থেকে মেলার দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়। তাই এ রীতি মেনে এবারও মেলার আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, “মেলায় অর্ধশতাধিক স্টলে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ইতোমধ্যে স্থানীয়দের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গন।
মেলায় গ্রাম বাংলার চিত্র প্রদর্শনী, কাবাডি, ঘোড়ার গাড়ির দৌড়, দড়ি টানাটানি, সঙ্গীতানুষ্ঠান, আবৃত্তি, নাটক, জারিগান ও কবিগানের আয়োজন থাকছে।”
এছাড়াও মেলা চলাকালে প্রতিদিন মঞ্চে সুলতানের কর্মজীবন নিয়ে আলোচনা সভা ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে বলে জানান তিনি।
সুলতান ফাউন্ডেশন ও সুলতান মেলা উদযাপন পর্ষদের যৌথ আয়োজনে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত এ মেলা চলবে।
