চট্টগ্রামে যুবকের লাশ
চট্টগ্রাম-হাটহাজারী সড়কের নতুন পাড়া এলাকার একটি খাল থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় বায়েজিদ থানার নতুন পাড়ার ইব্রাহিম কটল মিল সংলগ্ন খাল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান এএসআই মোয়াজ্জেম হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়রা লাশটি দেখে থানায় খবর দেয়।
এএসআই মোয়াজ্জেম বলেন, ওই যুবকের বয়স ২৫/২৬ বছর। তার পরনে কালো জিন্স, গেঞ্জি ও কোট ছিল।
তার শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা না গেলেও মুখে রক্তের ছাপ ছিল বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
